স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগরে বাঁধের কাজ বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রবিবার দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার ‘চলতি নদীর বাম তীরের অপ্রয়োজনীয় বাঁধ, কাজ বন্ধের দাবিতে শহরে কৃষকদের মানববন্ধন’ ও ‘অক্ষয়নগরবাসীর গলার কাঁটা’ শিরোনামে প্রকাশিত খবর যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়েছে। রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিনুর বেগম।
একই সঙ্গে রিটে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (বিডব্লিউডিবি) কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এছাড়াও রিটে জমির ফসলকে অবাঞ্ছিত বন্যার হাত থেকে রক্ষা করতে ও কাবিটা নীতিমালা ২০১৭ লঙ্ঘন করে কাজ কারার বিষয়ে যেকোন সুবিধাজনক সময়ে শুনানি হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত. সুরমার উত্তরপাড়ের বাম তীরে ১১ টি
প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রায় ৩ কোটি ব্যয়ে করা বাঁধের কাজ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। এলাকার কেউ কেউ বলেছেন, এটি বাঁধের কাজে না আসলেও বাঁধের টাকায় কাইয়ারগাঁও-অক্ষয়নগর সড়ক হবে। কেউ বলেছেন, চলতি নদীর বাম তীর উপচে জনবসতির ক্ষয়ক্ষতি রোধ হবে। কেউ বলেছেন, এখানে বোরো জমি কম থাকলেও প্রকল্পের কিছু জমি রক্ষা করবে। অক্ষয়নগরবাসী শুরু থেকেই বলেছেন, বাঁধটি যেদিকে হচ্ছে, সেদিকে বাঁধের কোনো প্রয়োজন নেই। সড়কের জন্য এই কাজ করা হয়ে থাকলেও, এটি পরিকল্পিত হয় নি। তাঁদের দাবি এটি এলাকাবাসীর গলার কাঁটা হবে।