- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘অখনকো হাসিনার সরকার আমরারে দাম দেইন’

স্টাফ রিপোর্টার
আগে মহিলারারে কোন দিন সরকার থাকি ইস্কুলও ইলা ডাকছইন না। সরকার গাউর মহিলারারে নিয়া কোন মিটিং-মিছিল করত নায়। অখনকো হাসিনার সরকার আমরারে দাম দেইন, দাওয়াত দিয়া প্রাইমারি ইস্কুলে আনইন। আইজ দাওয়াত      
পাইয়া আমরা আইছি। কইছইন মহিলা সমাবেশ অইব। ঢাকা থাকি সচিব সাব ও সুনামগঞ্জ থাকি ডিসি সাব আইবাইন। সচিব সাব ও ডিসি সাব সরকারের কত কিছু কইলাইন। আগেতো আমরা অততা জানতান না। ’
উপরের কথাগুলো এভাবেই বলছিলেন সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (হালেরগাঁও) গ্রামের লিলু মিয়ার স্ত্রী দিলারা বেগম (৪০)। তিনি গতকাল শনিবার সকালে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন মহিলা সমাবেশে। সমাবেশ তাঁর সাথে কথা হলে মহিলাদের উন্নয়ন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা এভাবেই বলছিলেন তিনি।
শনিবার ভোর থেকে ছিল টানা বৃষ্টি। তবুও বৈরি আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মহিলা সমাবেশে আশপাশের গ্রামের কয়েক শতাধিক মহিলা এসে অংশগ্রহণ করেছিলেন। সমাবেশে সব বয়সী মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ছোট্ট দুধের শিশুর মা থেকে ৭০ বছর বয়সী বৃদ্ধাও এসেছিলেন সমাবেশে।
বিদ্যালয়ের প্রাঙ্গণে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছিল। তবে টানা বৃষ্টির কারণে সেখানে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি রুমে সমাবেশ করা হয়। রুমের ভেতরে অনেকেই বসার স্থান না পেয়ে বিদ্যালয়ের বারান্দায়, আবার অনেকেই ছাতা মাথায় বিদ্যালয়ের সামনে বসেছিলেন।
ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী বৃদ্ধা মোনা বালা (৭০) এসেছিলেন সমাবেশে। তিনি বলেন,‘ আমার বয়স হয়েছে, ব্রিটিশ আমলও আমরা বিয়া হয়েছিল। আমার পুলাপান বড় অইয়া গেছে। আমার নাতিন পড়ে এই ইস্কুলে। মহিলারার সমাবেশ অইব তাই আইছি। আগেতো এই লাখান কোন সমাবেশ অইত না। মহিলারারে ইলাখান সরকার ডাকত না। ’
বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী জান্নাত বেগমের মা আছমা বেগম (৩৫) এসেছিলেন মহিলা সমাবেশে। তাঁর সাথে কথা হলে তিনি জানালেন, সদ্যজাত শিশু সন্তান (৩৫ দিন বয়সী) এক মেয়েকে বাড়িতে রেখে এসেছেন। সমাবেশে তিনি এসেছিলেন গ্রামের মহিলাদের উন্নয়নে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মূল্যবান বক্তব্য শুনতে। তিনি জানালেন সমাবেশ ভালই হয়েছে বৃষ্টি না হলে আরো ভাল হত।

  • [১]