- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অগ্রিম ধন্যবাদ জানাতে কারও কোন আপত্তি নেই

দোয়ারাবাজার সমিতি ধন্যবাদটা আগে জানিয়ে দিয়েছেন এতে কারও কোন আপত্তি থাকার কথা না। কারণ চার বছর পরে হলেও তাঁদের রাস্তার কাজটি যে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের নজর কাড়তে সক্ষম হয়েছে সেটিই বড় কথা। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ থেকেই জানা গেল, সুনামগঞ্জ-কাটাখালি সড়ক সংস্কারের জন্য সরকার ৫১ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ করেছেন এবং সংস্কার কাজের কার্যাদেশও ঠিকাদারি প্রতিষ্ঠান জন্মভূমি এন্টারপ্রাইজের নামে জারি করা হয়েছে। এই রাস্তাটি গত চার বছর যাবৎ দোয়ারাবাজারবাসী এবং দোয়ারাবাজার গমনকারী অসংখ্য মানুষের দুর্ভোগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসী যতভাবে সম্ভব ততভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসেছেন এতদিন। আমাদের পত্রিকায় এই রাস্তা নিয়ে কত সংবাদ ও সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার হিসেব বের করতে হলে পত্রিকার কয়েক বছরের পুরানো বান্ডিল খুলতে হবে। এখন যখন সড়ক সংস্কারের কার্যাদেশ হয়েছে তখন ঠিকাদার মহোদয় যাতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজটি শেষ করে সকলকে অনুগ্রহভাজন করেন সেটি এখন আমাদের কামনা। আর যদি বর্তমান ঠিকাদারি কাজের ঐতিহ্য অনুসরণ করে শম্ভুক গতি, প্রাক্কলন সংশোধন করে বরাদ্দ বাড়ানো, নি¤œমানের কাজ; এমনসব খারাপ প্রপঞ্চ দ্বারা রাস্তাটি আটকা পড়ে তাহলে খুবই দুর্ভাগ্যজনক বিষয়ই হবে বৈকি।
দোয়ারাবাজার সদর থেকে বাংলাবাজার পর্যন্ত যাতায়াতের সড়কটিও দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। বাংলাবাজার এলাকাটি দোয়ারাবাজারের একটি বর্ধিষ্ণু ও গুরুত্বপূর্ণ এলাকা- জনবসতি ও বাণিজ্য সবকিছু মিলিয়ে। এই রাস্তা দিয়েও প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করেন। এই রাস্তাটির সংস্কারেও এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছেন। এখন যখন সুনামগঞ্জ-কাটাখালি সড়ক সংস্কারের খবরটি বাংলাবাজারবাসী শুনবেন তখন তাদের মনের আশার সঞ্চার হবে যে এখন বোধ করি আমাদের রাস্তাটির কাজও শুরু হবে। মানুষের জীবিকা ও জীবন যাপন উন্নত হওয়ার প্রেক্ষিতে প্রতিনিয়ত মানুষের যাতায়াত চাহিদাও বেড়েছে। বাণিজ্য, আত্মীয়তা, শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিকÑ এমনসব কাজে প্রতিনিয়ত স্থানান্তরে যেতে হয় মানুষের। আর আমাদের দেশে যেহেতু সড়ক পথই গণ পরিবহনের প্রধান মাধ্যম তাই সড়কের উপরই চাপ পড়ে বেশি। সংগত কারণেই সড়ক যোগাযোগের যেকোন বেহাল দশা মানুষকে দুর্ভোগে ফেলে। সরকার প্রচুর রাস্তা নির্মাণ করছেন সত্য কিন্তু পুরাতন রাস্তা সংস্কারের বিষয়েও যে সমান নজর রাখতে হবে সেটিও মনে রাখতে হবে।
সম্প্রতি দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকার মানুষ মানববন্ধন ও সভা সমাবেশ করছেন। দিরাই ও শাল্লা উপজেলার লোকজনের একমাত্র যাতায়াত সড়ক এটি। এই সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ।  এই সড়কে কয়েকবছর আগে ভাল কাজ হয়েছিল। কিন্তু সড়ক একবার সংস্কার বা মেরামত করলেই চলে না। নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করতে হয়। দিরাই-মদনপুর সড়কসহ জেলার অভ্যন্তরীণ যত যোগাযোগ সড়ক রয়েছে ক্রমান্বয়ে সবগুলোতেই সংস্কার কাজ পরিচালনা করার জন্য আমরা সড়ক ও জনপথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।  
সড়কপথের উপর ক্রমবর্ধিত চাপ কমানোর জন্য আমরা বরাবরই রেল ও নৌপথের গুরুত্ব তুলে ধরে বিশেষ করে রেলপথ সম্প্রসারণের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছি। একটি ভাল গণ পরিবহন ব্যবস্থায় সব দেশেই মুখ্য অবস্থানে থাকে রেল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে রেলপথকে সবসময় অবহেলায় রাখা হয়েছে। গণপরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব অর্জন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই দাবি অব্যাহতভাবে তুলে ধরার পাশাপাশি বিদ্যমান সড়কগুলোকে সর্বদা ভাল অবস্থায় রাখার বিষয়টিকে অবহেলা করলে চলবে না।   

  • [১]