- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অটুট থাকুক সম্প্রীতির বন্ধন তীর্থ এবং ওরসযাত্রীদের স্বাগতম

পণতীর্থ ও শাহ আরেফিনের ওরস উপলক্ষে জেলা সদরসহ বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশায় জনতার স্রোত নেমেছে। দেশের নানা জায়গা থেকে রওয়ানা হওয়া এই জনস্রোতের লক্ষ্য তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী তীরবর্তী পণতীর্থ, যেখানে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত যার যার মনোস্কামনা পূরণের উদ্দেশ্যে পূন্যস্নান করতে জমায়েত হচ্ছেন। অন্যদিকে পণতীর্থের নিকটবর্তী শাহ আরেফিনের মাজারে অনুষ্ঠিতব্য ওরসে যোগদানের জন্যও মুসলামান ধর্মাবলম্বী জনগোষ্ঠীর অনেকে আসছেন। শেষ পর্যন্ত পণতীর্থ ও শাহ আরেফিনের মাজার কেন্দ্রীক জনস্রোত কোন ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ থাকে না। এই দুই ধর্মের অসংখ্য নর-নারীই উভয় পূন্যস্থানের পবিত্র ছুঁয়া পেতে চান। হিন্দুরা যেমন ওরসে যাচ্ছেন তেমনি মুসলমানদের অনেকেই পণতীর্থে আসছেন। মেলা ও ওরসকে কেন্দ্র করে উভয় স্থানেই জমে উঠে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ অঙ্গ মেলা। বসে ভক্তিগীতির আসর। ধর্মীয় আচার আচরণের বাইরে এইসব সামাজিক অনুষঙ্গও মানুষকে কাছে টানে এই পবিত্র স্থানগুলি। দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও যেসব ধর্মপ্রাণ লোক আজ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করছেন পূন্যস্থান ভ্রমণ করার জন্য আমরাা তাঁদের সকলকে স্বাগত জানাই। তাঁদের নিরাপদ তীর্থ পরিভ্রমণ কামনা করি আমরা।
সনাতন ধর্মাবলম্বী সাধক শ্রী অদ্বৈতাচার্যের স্মৃতিবাহী পণতীর্থ এবছর ৫০০ বছর অতিক্রম করছে। অন্যদিকে শাহ আরেফিনের স্মৃতিস্থানকে কেন্দ্র করে পালিত হওয়া পবিত্র ওরসের সময়কালও প্রায় একই রকমের পুরানো। যখন এসব স্থানে যাতায়াতের কোন রাস্তা ছিল না, ছিল না কোন যানবাহন তখনও মানুষ এসেছেন দলে দলে, এখন যখন যাতায়াত ও যানবাহন সুবিধা বেড়েছে তখনও মানুষ আসছেন। আসলে পূন্যার্থী মানুষের কাছে সুযোগ সুবিধা কখনও বড় হয়ে উঠে না। অন্তরে দৃঢ় শপথ ধারণ করে যাতায়াতের অসুবিধাকে জয় করেই সুদীর্ঘ ৫০০ বছর ধরে মানুষ এই পূন্য স্থান দুইটিকে নিজেদের আবশ্যকীয় গন্তব্যে পরিণত করেছেন। মানুষের এই যে দৃঢ় মনোবল ও অটুট বিশ্বাস সেটি বাঙালি জাতির এক বিশেষ শক্তি। এই শক্তির বলে তাঁরা যেমন ধর্মীয় বিধি-বিধান পালনে আগ্রহী তেমনি তাঁরা একই শক্তিকে কাজে লাগান দেশ জাতি ও সমাজের উন্নয়নে। ধর্মীয় পূন্যস্থানের পরিভ্রমণ তাঁদেরকে আরও উজ্জীবিত আরও প্রাণময় আরও কর্মোদ্দীপক করে তুলে। আমরা মানুষের এই সৃজনশীল দিকটির বন্দনা করি দুই উৎসবকে সামনে রেখে।
তীর্থযাত্রীদের রাস্তায় রাস্তায় নানা বিড়ম্বনার সন্মুখীন হওয়ার বিচ্ছিন্ন খবরাখবর পাওয়া যাচ্ছে। বৈরি আবহাওয়ার কষ্ট মোকাবিলা করার পাশাপাশি মানবসৃষ্ট কিছু দুর্ভোগও সহ্য করতে হচ্ছে তাঁদের। প্রশাসন থেকে যানবাহনের ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও অনেক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তীর্থস্থান পর্যন্ত পথিমধ্যে অবস্থিত ফেরি পারাপারেও অতিরিক্ত টুল আদায়ের অভিযোগও শোনা যায়। পথিমধ্যে আরও নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন তীর্থযাত্রীরা। কিছু অসাধু লোক যেন সবসময়ই ওৎ পেতে থাকে এই উপলক্ষকে নিজেদের অর্থ উপার্জনের উপায়ে পরিণত করতে। এইসব দুষ্ট লোকই তীর্থযাত্রীদের দুর্ভোগের মূল কারণ। কিন্তু এই দুষ্টদের দমনে পথে পথে প্রশাসনের তৎপরতা কম বলেই আমরা জানতে পেরেছি।
জনস্রোত আজ থেকে আবারও ফেরৎ আসা শুরু করবে। আসার পথে যাতে অন্তত তাঁদের দুর্ভোগ-কষ্ট না হয় সেজন্য প্রশাসনকে আরেকটু বেশি তৎপর হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। স্থানীয় এলাকাবাসীকে মনে রাখতে হবে বাইরের জেলার কিংবা বিদেশের যারা এখানে আসছেন তাঁরা আমাদের সম্মানীত অতিথি। এই অতিথিদের মাধ্যমেই জেলা সুনামগঞ্জের সুনাম ছড়াবে। নিশ্চয়ই আমাদের অতিথিপরায়ণতার ঐতিহ্য দিগি¦দিকে ছড়িয়ে যাবে।

  • [১]