- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অণুর ছবি তোলার উন্নত পদ্ধতি আবিষ্কারে ৩ বিজ্ঞানীর নোবেল

সু.খবর ডেস্ক
ক্রিয়ো-ইলেকট্রন মাইক্রোস্কপি বা অতিক্ষুদ্র জৈবিক অণুর ছবি তোলার সহজ ও উন্নত পদ্ধতি আবিষ্কার করে এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জার্মানির জ্যাকুয়েস দুবোশে ও জোয়াকিম ফ্রাঙ্ক এবং স্কটল্যান্ডের  রিচার্ড হ্যান্ডারসন। বুধবার এক সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিস একাডেমি অব সায়েন্সেস এ বছর রসায়নে নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তিন বিজ্ঞানী জৈবিক অণুর ছবি তোলার সহজ একটি কৌশল আবিষ্কার করেছেন, যাকে বলা হচ্ছে ক্রিয়ো-ইলেকট্রন মাইক্রোস্কপি। এই পদ্ধতিতে জৈবিক অণুর মূল কাঠামোর মধ্যবর্তী অবস্থার চিত্রধারণ করা যায় এবং এটি বিজ্ঞানীদের জৈবিক এমন সব প্রক্রিয়া দেখার পথ তৈরি করেছে যা আগে কখনো সম্ভব হয়নি।
নোবেল বিজয়ী এ তিন বিজ্ঞানীর মধ্যে জ্যাকুয়েস দুবোশেট সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান, জোয়াকিম ফ্রাঙ্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি ও রিচার্ড হ্যান্ডারসন যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটির এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজিতে কর্মরত।
রসায়নে এ বছর নোবেলজয়ী এই তিন বিজ্ঞানী পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১১ লাখ ডলার) ভাগ করে নেবেন।
রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে এই তিন বিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত সোমবার চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল মওসুম শুরু হয়। প্রতি ২৪ ঘণ্টায় জীবকোষের শরীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণের আণবিক পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসায় নোবেল পান যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী— জেফরি সি হল, মাইকেল রোজবাশ ও মাইকেল ডব্লিউ ইয়াং।
মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম। মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার জন্য এ বছর যৌথভাবে পদার্থে নোবেল পান রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন।
আগামী শুক্রবার শান্তিতে এ বছরের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া আগামী সোমবার ঘোষণা করা হবে এ বছরের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ীর নাম।

  • [১]