- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি কলেজে ছাত্র বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারী কলেজে অতিরিক্ত সেশন ফি আদায়ের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানায় হাওরে ফসলহানির কারণে শিক্ষার্থীদের অনেকেই এসব অতিরিক্তি ফি’ দিতে কষ্ট হচ্ছে। অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে কলেজের পরীক্ষা দিতে পারছে না। এজন্যই বেতন ছাড়া অন্যান্য ফি’ না নেওয়ার দাবিতে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এই আন্দোলন আমলে না নেওয়ায় মঙ্গলবার কলেজের প্রশাসনিক ভবন তালা দিয়ে শিক্ষার্থীরা ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
পরে বেলা আড়াই টায় বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা।
প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য, ওমর ফারুক, সুকান্ত দত্ত, সূর্য সেন, তহুর মিয়া, জয়ন্ত দাস, মনির হোসেন, মুর্শেদ, মঈনুদ্দিন, আলা উদ্দিন প্রমুখ।
বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান। প্রয়োজনে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়ার কথাও সমাবেশ থেকে জানানো হয়।

  • [১]