- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদে সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের সেশন ফি ও ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন কলেজ সংসদ।
রবিবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যায়ভাবে ফিস নেওয়ার সিদ্ধান্ত থেকে কলেজ কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি ৩য় বর্ষের সেশন ফি ও ফরম পূরণ বাবদ কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নিচ্ছেন। অন্যান্য কলেজে তিন হাজার ১শ টাকা নেওয়া হলেও এই কলেজে নেওয়া হচ্ছে ৪ হাজার ১শ টাকা। এতে এই পশ্চাদপদ এলাকার সাধারণ পরিবারের শিক্ষার্থীদের অনেকেই অতিরিক্ত টাকা দিতে পারছে না। বক্তারা কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তারেক  চৌধুরী, কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, ছাত্র ইউনিয়ন নেতা পুলক তালুকদার প্রমুখ।
এ বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন,‘ ডিগ্রি ৩য় বর্ষের সেশন ফি ও ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ সঠিক নয়। সরকারি পরিপত্র অনুযায়ী যত টাকা নেয়ার কথা আমরা তত টাকাই আদায় করছি।’ তবে বিভিন্ন কলেজের বেসরকারি কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য ব্যয়ের কারণে কিছু কম বেশী হয় বলে দাবি করেন তিনি।

  • [১]