- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অতিরিক্ত ভর্তি ফি’র বিরুদ্ধে হাইকোর্টের রোল

সু.খবর ডেস্ক
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তি ফিসহ মোট ১৯ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ এ কথা জানান। তিনি বলেন, জনস্বার্থে তিনি আবেদনকারী হয়ে আদালতে রিট আবেদনটি দায়ের করেন।
আইনজীবী ইউনুছ আলী বলেন, রিটের প্রাথমিক শুনানি শেষে আদেশে চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও কলেজের পরিচালনা পর্ষদকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ইউনুছ আলী জানান, “২০১৪ সালের ২৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকার নির্ধারণ করেছে। ভর্তি ফি-১৩ লাখ ৯০ হাজার টাকা। ইন্টার্নি ভাতা ফি এক লাখ ২০ হাজার টাকা। টিউশন ফি ৪ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট ১৯ লাখ ৯০ হাজার টাকা। ভর্তির সময় জমাকৃত ইন্টার্নি ভাতা এক লাখ বিশ হাজার টাকা ইন্টার্নশিপ চলাকালীন লভ্যাংশসহ ছাত্র ছাত্রীদের ফেরত দিতে হবে।”
ইউনুছ আলী আকন্দ বলেন, এ প্রজ্ঞাপন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৯৭ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়ে কিছু শর্তারোপ করা হয়। শর্তের ৬ ধারায় বলা হয়েছে, ভর্তির সময় কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে উন্নয়ন ফিস হিসেবে কেনোক্রমেই ৫০ হাজার টাকার অধিক নেয়া যাবে না। ৭ ধারায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কাছ থেকে ১ হাজার ১০০ টাকার বেশি মাসিক বেতন নেয়া যাবে না।
তিনি জানান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ৫ (৫) ধারা অনুসারে ‘মেডিকেল চিকিৎসা-শিক্ষা ও ডেন্টাল চিকিৎসা-শিক্ষার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির নীতিমালা ও শর্তাদি নির্ধারণ’ করবে কাউন্সিল। কিন্তু ভর্তির টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

  • [১]