- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অদম্য মেধাবী গঙ্গার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি
অদম্য মেধাবী গঙ্গা রাণী রায়ের পড়াশোনার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এবার ভীমখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে গঙ্গা।
জানা যায়, সম্প্রতি ‘দারিদ্র্যতাকে জয় করে সাফল্য’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে গঙ্গা রাণী রায়ের পরিবারের খোঁজ খবর নেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। গঙ্গার বাড়িঘর না থাকায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদের ঘরের ব্যবস্থা করে দেয়ার জন্য নির্দেশ দেন। পাশাপাশি নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং লেখাপড়া সার্বিক দায়িত্ব নেন।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের মাধ্যমে গঙ্গার পরিবারের খোঁজখবর নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা গঙ্গার পরিবারকে অফিসে আসার জন্য বলেন। মেয়েটি তার মাকে নিয়ে অফিসে আসলে তাকে একটি ঘরের ব্যবস্থা ও লেখাপড়ার দায়িত্ব নেয়ার বিষয়টি জানাই।
গঙ্গারাণী রায় বলেন, আমি কখনও ভাবিনি কলেজে ভর্তি হতে পারব। আমি অনেক খুশি। মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় গঙ্গা রাণী রায়ের বাবা মারা যান। ঘর-বাড়ি, জমি-জমা কিছুই নেই তাদের। কাকার ঘরে বসবাস করছেন মা এবং ৫ বোন। ৫ বোনের মধ্যে গঙ্গা রাণী রায় ৪র্থ। ২ বোনের বিয়ে হয়ে গেছে। এক বোন সম্পা রাণী রায় জামালগঞ্জ ডিগ্রি কলেজে ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী। ছোট বোন রিয়া রাণী রায় ভীমখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সংসার চলে সম্পা রাণী রায়ের টিউশনির টাকায়। বাড়িতে ৭-৮ টিউশনি করে সে। এই কাজে বোনকে সহায়তা করে গঙ্গা রাণী রায়। তার বাড়ি উপজেলার ভীমখালী ইউনিয়নের কালীপুর গ্রামে।

  • [১]