সু.খবর ডেস্ক
জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে ‘সাহসী সাংবাদিক’ আখ্যা দিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, “বর্তমান ভোটারবিহীন সরকারের উদ্দেশে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই-মামলা, হামলা, খুন, জখম, গুম, অপহরণসহ নানাবিধ বীভৎস অনাচার ঢাকতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।” শফিক রেহমানকে তার বাসা থেকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে শনিবার বিকালে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার কষ্টার্জিত বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করেছে। সরকারের অপকীর্তি ও লাগামহীন দুর্নীতির কারণে পায়ের নিচের মাটি সরে যাওয়ায় দিশেহারা হয়ে দেশকে নিক্ষেপ করা হচ্ছে এক ভয়ঙ্কর অতল গভীর খাদে। মানুষের ভোটাধিকার হরণের পর বাকস্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছে।”
সাংবাদিকদের কণ্ঠরোধ করতে তাদের ওপর দলন-পীড়ন চলছে এমন অভিযোগ করে তিনি বলেন, “রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে দেশের প্রতিথযশা সাংবাদিক ও সম্পাদকদেরও গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে। অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এখন দেশের স্পষ্টভাষী ও সত্য উচ্চারণে অকুণ্ঠ বিদ্ব্যৎজনদেরকেও নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে তার পছন্দের আইনশৃঙ্খলা বাহিনীর কিছুসংখ্যক সদস্যকে দিয়ে। তাদের সেই দুরভিসন্ধি ও নির্মম আচরণের বহিঃপ্রকাশ ঘটলো অশীতিপর, দুর্জয় সাহসী সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে।”
বর্তমান শাসগোষ্ঠীর অনাচার, ব্যর্থতা ও কুপমন্ডুকতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে লিখে যাওয়ার কারণে শফিক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
খালেদা বলেন, “বর্তমান সরকার প্রধানের গণবিরোধী, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী নীতি শফিক রেহমান তাঁর শাণিত লেখনির দ্বারা ফুটিয়ে তোলেন। শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সেই কারণে তাঁকে কবজা করতে না পেরে গ্রেপ্তার করা হয়েছে, এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।
খালেদা জিয়া দাবি করেন, “দেশে আজ সম্মানী ব্যক্তি ও সুধীজনদের মানহানি, গ্রেপ্তার করে কণ্ঠরোধ এবং নির্যাতনের মাধ্যমে তাদের নির্বাক করার হীন অপচেষ্টার কোনো অন্ত নেই। এটাই বর্তমান সরকারের সাধারণ বৈশিষ্ট্য।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি নেত্রী বলেন, “বাক, ব্যক্তি, লেখনি, ভাষণ, মুদ্রণের স্বাধীনতাসহ জনগণের সব গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবেন না। আপনি কখনোই শফিক রেহমানের মতো ঋজু ও আত্মশক্তিতে বলীয়ান কলমযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে পর্যদুস্ত করতে পারবেন না। কারণ আপনার সরকার আজ গণবিচ্ছিন্ন ও জনগণের শত্রুপক্ষ।”
অবিলম্বে দায়েরকৃত ‘বানোয়াট, মিথ্যা’ মামলা প্রত্যাহার করে শফিক রেহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন খালেদা জিয়া।
অন্য এক বিবৃতিতে খালেদা জিয়া গতরাতে গাজীপুর সিটি করপারেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তারও মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে একইসঙ্গে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে শফিক রেহমানের মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।