- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনিয়ম করলে ছাড় নেই- জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান কার্যক্রম সম্পর্কে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, এই প্রকল্পের ঘর তৈরিতে কাউকে কোন টাকা পয়সা দিলে যিনি গ্রহণ করবেন, তিনি যেমন অপরাধী হিসাবে গণ্য হবেন, যিনি দেবেন তাকে অপরাধী বলেই গণ্য করা হবে। কেউ অসত্য তথ্য দিয়ে ঘর নিলে, তার বরাদ্দ বাতিল হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহহীন ও ভূমিহীনদের ঘর হস্তান্তর করবেন। দক্ষিণ সুনামগঞ্জ ছাড়া জেলার ১০ টি উপজেলায় মোট ৪০৭ টি ঘরের চাবি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে গৃহ নির্মাণের জন্য জেলায় ৬৬ কোটি টাকার বরাদ্দ আসে। ৩৯০৮ টি ঘর তৈরি করছি আমরা। ঘরপ্রতি খরচ হয় ১ লক্ষ ৭১ হাজার টাকা। আগামী ২৩ জানুয়ারি তাহিরপুরে ২৫টি, জগন্নাথপুরে ২৩টি, বিশ^ম্ভরপুরে ৩০টি, সুনামগঞ্জ সদর উপজেলায় ৫০টি, ধর্মপাশায় ৩৪টি, দিরাইয়ে ৪০টি, শাল্লায় ১৬০টি, ছাতক ১০টি, দোয়ারাবাজার ১০টি ও জামালগঞ্জে ২৫ টি ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেয়া হবে।

সহকারী কমিশনার মো. রিফাতুল হক’র সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফুর ইসলাম।

সভায় বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক, এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, ৭১ টিভি ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, এসএ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক মাহতাব উদ্দিন, সাংবাদিক আল হেলাল, দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক সেলিম আহমদ, সময় টিভির জেলা প্রতিনিধি হিমান্দ্রী শেখর ভদ্র, দৈনিক সিলেটের দিনকালের জেলা প্রতিনিধি মহিবুর রেজা টুনু, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।

  • [১]