- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনিয়ম দুর্নীতির অভিযোগে বিএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ পাইলগাঁও বিএন (ব্রজনাথ) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ভেঙে দেয়া হয়েছে। এডহক কমিটি গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
গত রবিবার সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম
স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য জানা গেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে সরকারি প্রায় ৬ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির লিখিত অভিযোগের প্রেক্ষিতে কমিটি ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগকারী পাইলগাঁওয়ের বাসিন্দা জ্যোতির্ময় দেব রায় গতকাল সোমবার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
এবিষয়ে পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুজাহিদ গণি জানান, কমিটি ভেঙে দেয়া হয়েছে বলে আমার জানা নেই। আমি লিখিত কোনো পত্র পাইনি। তিনি বলেন, যে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে সেসময় আমি সভাপতির দায়িত্বে ছিলাম না।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম জানান, বিএন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অচিরেই গঠন করা হবে। আগামী ৬ মাসের মধ্য মূল কমিটি গঠন করা হবে।

  • [১]