আবু হানিফ চৌধুরী, দিরাই
জেলা বিএনপি’র আহবায়ক, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতি, অস্ত্র লুট ও কেয়ারটেকার খুনের ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও ঘটনার ক্লু ও লুন্ঠিত অস্ত্র উদ্ধারে অনেকটাই অন্ধকারে রয়েছে পুলিশ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারকে প্রধান করে ৪সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সাধারণ জনগণের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
নাছির উদ্দিন চৌধুরী নিজের নিরাপত্তার জন্য তিনটি অস্ত্রের লাইসেন্স নিলেও একটি অস্ত্রও কেন তিনি সাথে রাখেন না? তিনটি দামী অস্ত্র বাসায় রেখে কেন শুধুমাত্র একজন কেয়ারটেকারকে রেখে বাসার সবাই অন্যত্র চলে যান? তিনটি অস্ত্রের মধ্যে ডাকাতরা দুটি নিয়ে গেলেও একটি রেখে যায় কেন ? ডাকাতরা কেয়ারটেকারকে খুন করে ৩৫ কি. মি. দূরে নিয়ে ফেলে গেল কেন ? পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনমনে এরকম অনেক প্রশ্ন দেখা দিলেও কোন প্রশ্নেরই উত্তর খুজে পাওয়া যাচ্ছে না। সহকারি পুলিশ সুপার হাবিবুল্লাহ বলেন,‘ লুণ্ঠিত অস্ত্র খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এখনো ঘটনার সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। পুলিশের তদন্তে অনেক প্রশ্ন দেখা দিলেও কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে দু’একদিনের মধ্যে ঘটনার সত্যতা পাওয়া গেলে তা জানানো হবে।
প্রসঙ্গত. শনিবার রাতের কোন এক সময় জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতি হয়। ডাকাতরা নাছির চৌধুরীর নামে লাইসেন্স করা দুটি অস্ত্র, স্বর্ণালংকার, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতরা তার বন্দুকটি রেখে যায়। ঐ রাতে নাছির উদ্দিন চৌধুরী’র কেয়ারটেকার লিলু মিয়া ছাড়া অন্য কেউ বাসাতে ছিল না। পরদিন রোববার দুপুরে দিরাই উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের শান্তিপুর এলাকার ডাইক্কার হাওরে লিলু মিয়ার লাশ পাওয়া যায়। ঘটনার পর গুরুত্বসহকারে রোববার বিকাল থেকেই পুলিশ ও সিআইডি’র অপরাধ বিশেষজ্ঞদল তদন্তে নামে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করা হয়, এদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। বুধবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার হারুন অর রশিদ এই ডাকাতি ও খুনের ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে বলেন,‘সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী নিজে এই বিষয়ে অনেক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তিনি এভাবে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন না। পুলিশ ও সিআইডি’র প্রাথমিক তদন্তে যে বিষয়টি পাওয়া গেছে। যে দরজা দিয়ে তাঁর বাসায় লোক ঢুকেছে, এই গেইট তালাবদ্ধ ছিল না। হাত দিয়ে বাহির থেকে খোলা হয়েছে। পিস্তল যে আলমারিতে ছিল সেটিও লক ছিল না। বন্দুক যে ওয়ারড্রবে ছিল সেটিও লক ছিল না। এছাড়া নাছির উদ্দিন চৌধুরী’র নিজের নিরাপত্তার জন্য ৩ টি অস্ত্রের লাইসেন্স করা হলেও তিনি সুনামগঞ্জ সদরে থাকেন, অথচ একটি অস্ত্রও সাথে রাখেন না। আগ্নেয়াস্ত্র এভাবে নিরাপত্তাহীন ভাবে তিনি রাখতে পারেন না। আমরা আপাতত অস্ত্র উদ্ধারের চেষ্টায় আছি।’
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘এ ঘটনায় আমি মর্মাহত, উদ্বিগ্ন। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আলমিরা বা ওয়ারড্রব খোলা ছিলো কী-না সেটিও আমি বলতে পারবো না। আলমিরা বা ওয়ারড্রবে কেবল রাইফেল-পিস্তল নয়, অন্য কিছুও থাকে।’ বিগতদিনে অনেকসময় তিনটি অস্ত্রই বাসায় রয়েছে। এমন ঘটনা কল্পনাই করা যায় না’ পুলিশের কাছে এমন উত্তরই দিয়েছেন নাছির চৌধুরী।