- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনৈতিক এসি ব্যবহারে বিদ্যুৎ ভোগান্তি সামাজিক বৈষম্যের পরিচায়ক

জেলা শহরের ১০ হাজার বিদ্যুৎগ্রাহকের নিত্যকার ভোগান্তির একটি প্রধান কারণ হিসাবে অনৈতিক এসি ব্যবহারকে দায়ী করেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এ সংক্রান্ত একটি প্রতিবেদনের তথ্য অনুসারে শহরে প্রায় এক হাজার গ্রাহক অনৈতিকভাবে এসি ব্যবহার করছেন। এখানে অনৈতিকতা বলতে যা বুঝানো হয়েছে, বিদ্যুৎ বিভাগের বক্তব্য অনুসারে তা হলো, এই এসি ব্যবহারকারীরা এসি ব্যবহারের জন্য ৪ কিলোওয়াট লাইন নেননি। সকলেই ২ কিলোওয়াট লাইনে এসি ব্যবহার করছেন। এতে করে হিসাবের চাইতে অনেক বেশি চাপ পড়ে সংশ্লিষ্ট এলাকার ট্রান্সফরমারে। লোড বহন করতে না পেরে ট্রান্সমিটারগুলো প্রায়ই বিকল হয়ে যাচ্ছে। ট্রান্সমিটারের আওতাধীন এলাকা হয়ে যায় দীর্ঘমেয়াদের জন্য বিদ্যুৎহীন। অন্যদিকে অঘোষিতভাবে বেশি লোডের বিদ্যুৎ ব্যবহার করায় বিদ্যুৎ সরবরাহে ঘটে তীব্র ঘাটতি। একদিকে জরাজীর্ণ বিদ্যুৎ লাইন অন্যদিকে এইসব অনৈতিক সংযোগ শহরের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে তছনছ করে দিয়েছে। শুধু এসি ব্যবহারই নয়, অনেক বাণিজ্যিক স্থাপনা কিংবা মিল কারখানায় অনুরূপ অবৈধ সংযোগ কিংবা অঘোষিত বেশি লোড ব্যবহারেরও খবর রয়েছে। সুতরাং সুনামগঞ্জের বিদ্যুৎ এর ক্রমানবতিশীল অবস্থার জন্য শুধু বিদ্যুৎ অফিসের অবহেলাকে দায়ী করলেই চলবে না বরং কিছু গ্রাহকের অনৈতকতাকেও প্রাধান্য দেয়া উচিৎ বলেই মনে করেন সাধারণ গ্রাহকরা।
আমাদের সমাজ কাঠামোতে সর্বত্রই বৈষম্যের প্রকট চিত্র ফুটে উঠেছে। সামাজিক-রাজনৈতিক প্রতিপত্তির জোড়ে অনেকটা অবৈধভাবে ২ কিলোওয়াটের লাইনে ৪ কিলোওয়াটের এয়ারকন্ডিশনার ব্যবহার করা এই বৈষম্যের একটি জলজ্ব্যন্ত উদাহরণ। বিদ্যুৎ অফিস বলছে, অনৈতিক এসি ব্যবহারকারীদের প্রভাব ও ক্ষমতা বেশি থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা যায় না, এমনকি তাদেরকে নাকি নোটিশও দিতে ভয় পান তারা। ্অথচ সামান্য কিছু টাকা বিল বকেয়ার জন্য সাধারণ মানুষের সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে অহরহ। এখানে প্রভাব-প্রতিপত্তির কাছে আইন ও নিয়ম বন্দী হয়ে পড়েছে। এই বন্দী দশা সহশা ঘুচে যাবে এমন পরিবেশ তৈরি হবে বলেও আশা করি না আমরা। তবে সবকিছুর মধ্যে ন্যুনতম সামঞ্জস্য থাকা উচিৎ। নতুবা বঞ্চিত সাধারণ মানুষ একটি স্বাধীন ও সাংবিধানিকভাবে সকল নাগরিক সমান হিসাবে ঘোষিত রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেদেরকে হীন ভাববেন। আমরা আশা করব বিদ্যুৎ বিভাগ তথা সরকার এই বৈষম্য ও অনিয়মের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।
শুধু অনৈতিক এসি ব্যবহারই নয়, যেসব স’মিল, অটোমেটিক রাইস মিল, ওয়ার্কশপ বা বেশি বিদ্যুৎ প্রয়োজন হয় এমনসব স্থাপনার বিদ্যুৎ সংযোগে কোন অনিয়ম রয়েছে কিনা তাও একইসাথে খতিয়ে দেখা উচিৎ। আমাদের বিশ্বাস নিরপেক্ষ ও সাহসের সাথে এরকম পদক্ষেপ নিলে বহু অনিয়ম এবং একইসাথে কিছু গ্রাহকের বেআইনি কার্যক্রম ও বিদ্যুৎ বিভাগের কিছু কর্মচারীর দুর্নীতির খবর বেরিয়ে আসবে। বাস্তবিকই যদি এরকম উদ্যোগ নিয়ে প্রতিকার করা হয় তাহলে শহরের বিদ্যুৎ পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে যেমন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সেটি অব্যবস্থাপনার আরেক কুৎসিৎ দিক। আইনি ক্ষমতা থাকা সত্বেও তারা সহ্য করে রয়েছেন নিজেদের অস্বচ্ছ ভাবমূর্তির কারণেই। নিজেরা স্বচ্ছ হলে যেকোন বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারও দ্বিতীয়বার ভাবার কথা নয়। তাই একই সাথে আমরা বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্যও জোর দাবি জানাই।

  • [১]