- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অপহরণকারীর দুই সহযোগী জেল হাজতে

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের এক নিরীহ পরিবারের কিশোরীকে একবার অপহরণ করে আটকে রাখার পর পুনরায় অপহরণ চেষ্টার সময় আটক দুই বখাটেকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ সদর আমল গ্রহণকারী আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম ঐ দুই বখাটেকে জেল হাজতে   পাঠানোর আদেশ দেন।
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের নিরীহ পরিবারের কিশোরীকে বুধবার দ্বিতীয় দফায় সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকা থেকে অপহরণের চেষ্টা করে তাহিরপুরের লাকমা গ্রামের সমুজ আলীর ছেলে ইমরান মিয়া। এই ঘটনায় বুধবার রাত সাড়ে ১০ টায় অপহরণকারী ইমরান মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন কিশোরীর বড় ভাই। অপহরণ চেষ্টায় সহযোগিতার দায়ে বখাটে সাইফুল ও বাপ্পিকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. রহিবুল ইসলামের আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করলে, আদালত দুই জনকেই জেল হাজতে পাঠান।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, কিশোরী অপহরণের চেষ্টায় সহযোগিতার অভিযোগে আটক দুই বখাটেকে আদালত বৃহস্পতিবার বিকালে জেল হাজতে পাঠিয়েছেন। বখাটে ইমরান মিয়াকে আটক করার চেষ্টা চলছে। ইমরান মিয়াসহ আটককৃতদের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের হয়েছে।

  • [১]