ধর্মপাশা প্রতিনিধি
২০১৪ সালের ২৭ এপ্রিল রাতে ধর্মপাশায় প্রলয়ংকরী ঝড়ে উপড়ে পড়া বিভিন্ন প্রজাতির ১৫ টি গাছ উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার এক লাখ ৮২ হাজার টাকা মুল্যে মেহেদী হাসান উজ্জ্বল নামের এক ব্যক্তি নিলামে ওই গাছগুলো ক্রয় করেছেন। উপজেলা পরিষদ এলাকার সরকারি ওই গাছগুলো প্রায় দুই বছর ধরে পড়ে থেকে বিনষ্ট হচ্ছিল।
জানা যায়, ২০১৪ সালের মে মাসের প্রথম সপ্তাহে ঝড়ে উপড়ে পড়া গাছগুলো বিক্রির জন্য উন্মুক্ত নিলাম ডাকের আহ্বান করা হয়। ওই নিলাম ডাকে মোস্তাক আহমেদ নামের এক ব্যক্তি ৩ লাখ ১১ হাজার টাকায় গাছগুলো কেটে নেওয়ার অনুমতি পান। কিন্তু নিলাম কমিটিতে বন বিভাগের কোনো কর্মকর্তা না থাকায় ওই নিলাম বাতিল করা হয়। পরে ওই বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে আবারও নিলাম ডাকের ব্যবস্থা করা হয়। মোস্তাক আহমেদ আবারও এক লাখ ৮২ হাজার টাকায় গাছগুলো নিলামে পেলেও দাম কম হওয়ার অজুহাতে সংশিষ্ট কর্তৃপক্ষ গাছগুলো তাঁর কাছে হস্তান্তর না করায় মোস্তাক আহমেদ গেল বছরের জুলাই মাসে জামানতের টাকা তুলে নেন।
এদিকে
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই গাছগুলো বিক্রির জন্য উন্মুক্ত নিলাম ডাকের আহ্বান করা হয়। এতে ধর্মপাশা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল নিলাম ডাকে অংশগ্রহণ করে এক লাখ ৮২ হাজার টাকায় তা কিনে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, ত্রিশ হাজার টাকা জামানত দিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই গাছগুলো কিনেছেন এবং তাঁকে আগামী এক সপ্তাহের মধ্যে পুরো টাকা পরিশোধ করে এ গাছগুলো নিয়ে যেতে বলা হয়েছে।