- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবশেষে পোস্টাল অর্ডার পেলেন আবেদনকারীরা

স্টাফ রির্পোটার
তিনদিন অপেক্ষার পর অবশেষে পোস্টাল অর্ডার হাতে পেলেন জেলা জজ আদালতে নিয়োগ আবেদনকারীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পোস্টাল অর্ডার সংগ্রহ করেছেন আবেদনপ্রার্থীরা। আবেদন দাখিলের সময় শেষ হওয়ার পূর্বে পোস্টাল অর্ডার পেয়ে স্বস্থি বিরাজ করছে সকলের মনে। পোস্টাল অর্ডার হাতে পেয়েই কাল বিলম্ব না করে আবেদন জমা দিতে আদালত পাড়ার দিকে ছুটেন আবেদনকারীরা।
পশ্চিম তেঘরিয়া সোহানুর রহমান সুহান জানান, আমি এই মাত্র পোস্টাল অর্ডার হাতে পেলাম। যদিও অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আবেদন করতে পেরে অনেক খুশি।’
তাহিরপুর উপজেলা থেকে পোস্টাল অর্ডার সংগ্রহ করতে আসা বুশরা আক্তার জানান,‘আমি দুই দিন যাবৎ পোস্টাল অর্ডারের জন্যে অপেক্ষা করছি। দুপুরে পোস্টাল অর্ডার হাতে পেলাম।’
বৃহস্পতিবার পোস্টাল অর্ডার পাওয়া নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষের শংকা থাকলেও অবশেষে ভোরেই পোস্টাল অর্ডার আসে বলে জানান পোস্ট মাস্টার।
পোস্ট মাস্টার বিমল চন্দ পুরকায়স্থ বলেন,‘আমরা সকালেই পোস্টাল অর্ডার হাতে পেয়েছি। সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত আবেদনকারীরা পোস্টাল অর্ডার সংগ্রহ করেছেন। আসা করছি কেউই বাদ যায়নি।’
উল্লেখ্য, গত বুধবার পোস্টাল অর্ডার না পেয়ে প্রধান ডাকঘর প্রাঙ্গণে বিক্ষোভ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ লাভের জন্য আবেদনকারীরা।

  • [১]