- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবহেলিত এলাকায় আগে করতে হবে বিদ্যাপীঠ -জাকেরীন

লিপসন আহমদ
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘সৈয়দপুর-মুসলিমপুর-জরজরিয়াসহ কয়েকটি গ্রামের মানুষের স্বপ্নপূরণে সঙ্গী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই গ্রামগুলোয় মাধ্যমিক বিদ্যাপিঠ ছিল না, তাদের সন্তানেরা অনেক দূরে মাধ্যমিক শিক্ষা নিতে হতো। এলাকার মানুষের স্বপ্ন ছিল একটি মাধ্যমিক স্কুল করা, তারা সেটি করেছেন, আমরা কেবল উপজেলা পরিষদ থেকে কিছু অবকাঠামো নির্মাণ করে দিয়ে তাঁদের সঙ্গে থাকতে পেরে গৌরববোধ করছি, এখন এটি পূর্ণাঙ্গ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠকে আরো এগিয়ে নেবার জন্য সবকিছুই করবো আমি, একটি অবহেলিত এলাকায় রাস্তাঘাট প্রয়োজন রয়েছে, কিন্তু আগে করতে হবে বিদ্যাপীঠ’।
বুধবার বিকালে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি কর্তৃক দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান জয়নুল জাকেরীন এসব কথা বলেন। এলাকার মুরুব্বি শফর আলী মোড়লের সভাপতিত্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননাস্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সালেক ও নূর জাহান আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক-প্রকাশক পঙ্কজ কান্তি দে, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নাদীর শাহ্, সমাজ সেবক মোবারক হোসেন প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- সমাজ সেবক কাশেম আলী মোড়ল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সূচনালগ্ন থেকে বিভিন্ন সময় অবদান রাখার জন্য সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও সাংবাদিক পঙ্কজ দে কে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা।
বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • [১]