স্টাফ রিপোর্টার
প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে মেলা ও জুয়ার আয়োজন করায় পুলিশ মেলা ভেঙ্গে দিয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুরারবন্দ গ্রামের হাওরে এই ঘটনা ঘটে। সদর থানার এসআই রিপন চন্দ্র গোপ ও এসআই এমরান আহমদ ঘটনাস্থলে গিয়ে মেলা ভেঙ্গে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, মুরারবন্দ গ্রামের কিছু লোক প্রশাসনের কোন ধরনের অনুমোদন না নিয়ে শনিবার গ্রামের হাওরে মেলার আয়োজন করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেলার অনুমোদন আছে কি না জানতে চায়। এসময় মেলার আয়োজকরা কোন অনুমতিপত্র না দেখাতে পারায় তাৎক্ষণিক মেলা ভেঙ্গে দেয় পুলিশ। এদিকে মুরারবন্দ থেকে ফেরার পথে সদর উপজেলার টুকেরবাজার এলাকার কাছে সুরমা নদীতে নৌকা থেকে অবৈধভাবে টাকা আদায়কালে চাঁদাবাজদের ধাওয়া করে পুলিশ। চাঁদাবাজ চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ চাঁদাবাজদের নৌকাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মেলা ও নদী থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, মুরারবন্দে অবৈধভাবে মেলার আয়োজন করায় পুলিশ মেলা ভেঙ্গে দিয়েছে। পথে সুরমায় নৌযান থেকে টাকা আদায়কালে চাঁদাবাজদের ধাওয়া করে একটি নৌকা উদ্ধার করা হয়েছে।