- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানোয় সময় চালকদের অবরোধ

স্টাফ রিপোর্টার
‘আব্দুজ জহুর সেতুতে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, জিম্মি যাত্রীরা, ঘটছে মারামারি-হানাহানি’ শিরোনামে সোমবার সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। সংবাদ প্রকাশের দিনই বিকালে উচ্ছেদ অভিযানে নামেন ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা। এসময় দুটি সিএনজি অটোরিকশা আটক করে পুলিশ লাইনে নেয়া হয়।
অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনাকালে চালকদের বাধার মুখে পড়েন ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা।
সোমবার বিকালে এস আই ওয়াহিদের নেতৃত্বে প্রথমে মাত্র দুজন পুলিশ এসে একটি গাড়ি আটক করার পরই বাধা দেন সেতুতে থাকা সিএনজি অটোরিকশা চালকরা। এসময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন স্ট্যান্ডের ম্যানেজার সহ চালকরা। আরেকটি গাড়ি আটকের পর ঘোষণা দিয়ে সকল গাড়িকে সড়কের উপর এলোপাতাড়ি দাঁড় করিয়ে অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। খবর পেয়ে ট্রাফিক পরিদর্শক ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এ বিষয়ে জেলা সিএনজি চালিত অটোরিকশা ও টেক্সী ক্যাব মালিক সমিতির সভাপতি তাজুদ ইসলাম ট্রাফিক পরিদর্শককে দোষারোপ করে জানান, টি আই মোটরসাইকেল, ইজিবাইককে চোখে দেখেন না। শুধু সিনএনজি অটোরিকশা চোখে দেখেন।
ঘটনাস্থল থেকে ট্রাফিক পরিদর্শক মুহিবুল ইসলাম তার অসহায়ত্ব প্রকাশ করে জানান, কোনো কিছু করতে গেলেই তারা সড়ক অবরোধ করে। আজও অবৈধ স্ট্যান্ডে অভিযান চালানোর সময় তারা একই কাজ করেছে। তবে কোনো বাধাই আর মানব না। এখানে প্রত্যেকদিন অভিযান হবে। সেতুর উপর কোনো গাড়ি থাকতে পারবে না।

  • [১]