- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অভিনন্দন আ.লীগের নতুন কান্ডারীদের শুভ ও অর্থবহ যাত্রা শুরু করুন

অনেক জল্পনা কল্পনা, বহু প্রতীক্ষা, স্নায়ুক্ষয়ী উত্তেজনার জেলা সম্মেলন অবশেষে সম্পন্ন হলো। সুনামগঞ্জের ইতিহাসে দৃষ্টান্ত বিরল রকমভাবে জনসমাগম ঘটিয়ে সংগঠনটি সুনামগঞ্জের রাজনৈতিক ইতিহাসে নতুন চমক দেখাল। এই সম্মেলন হলো দীর্ঘ ১৯ বছর পর। দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে নেতৃত্বের যে নিষ্ক্রিয়তা তৈরি হয়েছিল ব্যাপক ও রেকর্ডগড়া জনসমাগম ঘটিয়ে সংগঠনটি সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে এক ধরনের গতি সঞ্চার করল। আমরা আশা করব এই গতি আর কখনও শ্লথ হবে না। বরং জেলা সম্মেলনের গতি উপজেলা থেকে ইউনিয়ন-ওয়ার্ড কমিটি হয়ে গ্রাম পর্যন্ত বিস্তৃত হবে। তাহলেই কেবল স্বার্থক হবে ব্যাপক আয়োজনের জেলা সম্মেলন। একটি সফল জেলা সম্মেলন আয়োজন করায় সংগঠনের সদ্যবিলুপ্ত কমিটির নেতৃত্ব প্রশংসার দাবিদার।
আওয়ামী লীগের জেলা কমিটির বিভিন্ন পদ-পদবির সংখ্যা অনেক হলেও গতকালের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ব কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করেছেন। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে কেন্দ্রীয় কমিটি অবশিষ্ট পদগুলো চূড়ান্ত করবে। সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষিত হওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের একটি অংশ নিজেদের পছন্দের লোককে প্রত্যাশিত পদে দেখতে না পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্মেলনে বিভিন্ন নেতার সমর্থকরা কিছু ছোটখাট অসুন্দর কর্মকাণ্ডও ঘটিয়েছেন। এগুলো সম্মেলনের গায়ে কিছুটা ময়লা লাগার মতো হলেও ব্যাপকভাবে একটি বড় সংগঠনে বিশেষ করে ক্ষমতাসীন দলে এটি একেবারে অপ্রত্যাশিত নয়। নতুন নেতৃত্ব নিজেদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে ধীরে ধীরে এই ক্ষোভ-বিক্ষোভ প্রসমিত করতে সমর্থ হবেন বলেই আমাদের বিশ্বাস।
আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের জেলা কমিটির প্রতিটি পদই অনেক গুরুত্বপূর্ণ। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হওয়ার পর স্বভাবতই অন্যান্য পদগুলোতে কারা আসছেন তা জানার জন্য সর্বত্র ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আওয়ামী লীগের মতো বিশাল সংগঠনে যোগ্য ব্যক্তির কোন অভাব নেই। প্রতিটি পদের জন্যই একাধিক ব্যক্তি রয়েছেন যারা নিজের মেধা ও যোগ্যতা দ্বারা পদের দায়িত্ব পালনে সক্ষম। কিন্তু যেহেতু একটি পদে একজনকেই নির্বাচিত করা সম্ভব সেহেতু অনেক যোগ্য লোকই হয়তো পদবঞ্চিত হবেন। এতে তাঁদের কর্মী-সমর্থকরা হতাশ হবেন।  কিন্তু যারা আদর্শিক বিশ্বাসের কারণে আওয়ামী লীগের রাজনীতি করেন তাঁরা সকলেই দীর্ঘ দিনের পোড়খাওয়া নেতা-কর্মী। সংগঠনের নেতৃত্ব নির্বাচন ও সকলের এতে স্থান সংকুলান না হওয়ার বিষয়টি তাঁরা ভাল করেই বুঝেন। তাই এইসব পদ নিয়ে ভবিষ্যতে কোন অন্তর্কোন্দল দেখা দিবে না বলে আশা করেন জেলার রাজনীতিসচেতন মানুষ। তবে এক্ষেত্রে সবগুলো পদে সবচাইতে যোগ্য লোকটিই যাতে নির্বাচিত হন এবং নির্বাচিত ব্যক্তিটি যাতে গ্রহণযোগ্য হন সে বিষয়ে দলের দায়িত্বশীলদের কঠোরভাবে সতর্ক থাকতে হবে। আর যদি বিতর্কিত ও অগ্রহণযোগ্য ব্যক্তিরাই নানা সম্পর্কসূত্র ব্যবহার করে পদ-পদবি বাগাতে সক্ষম হন তাহলে আখেরে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আওয়ামী লীগই। বিভিন্ন উপজেলায় কমিটিকেন্দ্রীক জটিলতা এবং তৎপ্রেক্ষিতে সৃষ্ট সাংগঠনিক বিশৃঙ্খলা, দ্বন্দ্ব, নিষ্ক্রিয়তার খবরাখবর সকলের জানা। জেলা কমিটিও অনুরূপ কোন ঘেরাটোপে বন্দী হোক তা কেউই চান না। আমরা বিশ্বাস করি দলের মূল নেতৃত্বও এরকম চান না।
নতুনকে ঘিরে থাকে সকলের গভীর আগ্রহ। আমরা তাকিয়ে আছি জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের ভবিষ্যত কর্মকাণ্ডের দিকে। তাঁরা যদি প্রশংসাযোগ্য কাজ করেন তাহলে রাজনীতি ও সংগঠন লাভবান হবে। গণতন্ত্র শক্তিশালী হবে। এখন দেখার বিষয় হলো নবাগতরা কীভাবে সকলের প্রত্যাশাকে ধারণ করেন।
 

  • [১]