- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অভিযোগ নিন্মমানের বিটুমিন ব্যবহারের

বিশেষ প্রতিনিধি
জেলার মদনপুর-দিরাই সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠেছে। কাজে নিন্মমানের বিটুমিন ব্যবহারেরও অভিযোগ ওঠেছে। স্থানীয়দের দাবি, সাড়ে ১০ কিলোমিটার সড়কের কাজে সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ হলেও এই সড়ক ৩-৪ মাস পরেই খানা-খন্দে ভরপুর হবে। দক্ষিণ সুনামগঞ্জ এবং দিরাই-শাল্লার মানুষ আবারও ভোগান্তিতে পড়বে।
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের একাংশ, পাথারিয়া, পশ্চিম বীরগাঁও, শিমুলবাক ইউনিয়ন এবং দিরাই-শাল্লার দুই উপজেলাসহ প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত করেন মদনপুর-দিরাই সড়ক দিয়ে। এই গুরুত্বপূর্ণ সড়ক প্রায় ৩ বছর ধরে ভাঙাচোরা। এই সড়ক দিয়ে যাতায়াত করাই কষ্টকর।
সড়কের সাড়ে ১০ কিলোমিটার ভাঙা অংশে কাজ করার জন্য সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ হয়। সড়ক উন্নয়ন সিলেট জোনের আওতায় এই বছরের ১৫ জানুয়ারি এই সড়কের সাড়ে ১০ কিলোমিটার অংশ ভেঙে নতুন করে কাজ করার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র প্রক্রিয়া শেষে ২ এপ্রিল সড়কের কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের মধ্যেই সড়কের ১১ কিলোমিটারের মধ্যে সাড়ে ৬ কিলোমিটারের কাজ করা হয়।
স্থানীয়রা বলেছেন, ‘ধামাচাপা দিয়ে নিন্মমানের কাজ করে বিল তুলেছে এই সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের মধ্যে বেশিরভাগ অংশের কাজ সেরে এখন আবার বৃষ্টিপাতের অজুহাত দেখিয়ে কম অংশের কাজ আটকে রেখেছে।’          
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন বলেন-‘কয়েক লাখ মানুষ গত প্রায় ৩ বছর ধরে যাতায়াত ভোগান্তি পোহাচ্ছে। মানুষের ভোগান্তি নিরসনের জন্য দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের মাননীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার প্রচেষ্টায় সড়কের কাজের জন্য সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দুই জনই কাজের মান ভাল হবার জন্য সংশ্লিষ্টদের তাগাদা দিচ্ছেন। কিন্তু কাজের মান নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। অন্য একটি উন্নয়ন প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী বলেছেন, এখানকার বিটুমিনের কাজে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বিটুমিন ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার হচ্ছে ইরানি বিটুমিন। অথচ বিপিসি’র দেড়শ কেজি’র বিটুমিনের দাম সাড়ে ৭ হাজার টাকা এবং ইরানি বিটুমিনের দাম সাড়ে ৪ হাজার টাকা। কম মূল্যের নিন্মমানের বিটুমিন ব্যবহার করে এখানে লুটপাটের চিন্তাই কেবল করা হচ্ছে। তাতে সড়কটির কাজ নি¤œমানের হচ্ছে এবং কিছুদিন পরই আবার সড়কের অবস্থা বেহাল হবে।’ তিনি জানান, শুনেছি এই সড়কের ঠিকাদার বেশিরভাগ বিল তুলে নিয়েছেন, এখন বাকী কাজ শেষ করতে গড়িমসিও করতে পারেন।’
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন,‘সড়কের দুই দিকে ব্যক্তি মালিকানাধীন পুকুর করার সময় সড়ক ও জনপথ কখনোই আপত্তি করেনি। এ কারণে অনেক স্থানেই সড়ক ভেঙে যায়। ৪ বছর আগে সড়কের কাজ হয়েছিল। কাজ শেষ হবার এক বছর পরই সড়কের অবস্থা চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। এবারও যেভাবে ধামাচাপা দিয়ে কাজ হচ্ছে ৩-৪ মাসের বেশি ঠিকবে না।’
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন,‘মদনপুর-দিরাই সড়কের সাড়ে ১০ কিলোমিটারের কাজ দুটি ভাগে দরপত্র আহ্বান করা হয়। সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ হয় এই সড়কে। কাজ পায় জন জেবি কন্সট্রাকশন। সড়কের সাড়ে ৬ কিলোমিটারের কাজ যতœসহকারে করা হয়েছে। ঠিকাদারকে ৭ কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বিপিসি বিটুমিনের স্থলে ইরানী বিটুমিন ব্যবহার হচ্ছে এই তথ্য সঠিক নয়। আমরা কখনোই বিপিসি ছাড়া কাজ করিনি। বৃষ্টির জন্য আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি ছাড়লেই কাজ শুরু হবে।’

  • [১]