স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ৫ দিনের সফরে আজ বুধবার সুনামগঞ্জে আসছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জমি হস্তান্তর অনুষ্ঠানে যোগদান, বেলা
সাড়ে ১১টায় কামরূপদলং গ্রামে পাকা রাস্তা উদ্বোধন ও মাদ্রাসায় আলোচনা সভায় যোগদান করবেন তিনি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার জগন্নাথপুর উপজেলার কল্যাণপুর, কালীটেকী, খাসিলা, ইসলামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন তিনি। শনিবার জগন্নাথপুর উপজেলার মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, আধুয়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন এবং শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্লোজ সার্কিট ক্যামেরা প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন। বিকাল ৩টায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এনআরবি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে আবার গ্রামের বাড়ি ডুংরিয়া ফিরে যাবেন।
রবিবার সকাল ১০টায় জগন্নাথপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষে দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, কুতুবপুর, ঢালাগাঁও, খিরিদপুর, কাচালিয়া পার্ট, রামেশ্বরপুর, রামেশ্বরপুর বাজার, সরদাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।