আকরাম উদ্দিন ও লিপসন আহমদ
আদালতের নির্দেশে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের ১৫ কোটি টাকার ভুমি প্রভাবশালী দখলদারদের কবল থেকে উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। শহরের হাসননগর এলাকার সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনের সড়কের পাশে থাকা প্রভাবশালীদের দখলে থাকা ২০ টি দোকানপাট ও বসতঘর এসময় ভেঙে উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খন্দকার। এ সময় পুলিশ ও ভূমি উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জমির মালিক সাবেক ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন রায় চৌধুরী জানান, সুনামগঞ্জ পৌর এলাকার ১১৫ নম্বর জেএল’এর ৯৯ নম্বর খতিয়ানের ১১১ ও ১১২ নম্বর দাগের (হাসপাতালের সামনের জমি) এক একর ৬০ শতক লায়েক পতিত ও ভিটরকম ভূমির প্রকৃত রেকর্ডিয় মালিক তার পিতা দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত চন্দ্র কান্ত রায় চৌধুরী। পিতার অবর্তমানে তিনি-ই সম্পদের মালিক। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে এই ভূমি নিয়ে মামলা (৩/২০১২) দায়ের করলে রায় অনুকূলে হয় তাদের।
কিন্তু এই রায়ের বিরুদ্ধে তপশীল বর্ণিত ভূমিতে বন্দোবস্তধারী- আব্দুর রহিম, খোকা চৌহান, মোছাম্মৎ রহিমা বেগম, মিলন চন্দ, লক্ষ্মীপদ ঋষি, জুয়েল চন্দ্র দাস, আমিনা বেগম, নূরজাহান বেগম, কামরাজ ম-ল, হাবিবুর রহমান, রেজা মিয়া, ছানা মিয়া, হিরা মিয়া, মো. আলী হায়দার, মো. ছুরত মিয়া, নুরুজ্জামান, আব্দুল খালিক, বিজন সেন রায়, আঙ্গুর মিয়া ও চাঁন মিয়া’র পক্ষে আপীল মোকদ্দমা (যথাক্রমে ১০/২০১৪ ও ১৪/২০১৪) দায়ের করা হয়। কিন্তু বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ উভয় আপিলের রায়ে মামলা খারিজ করে প্রত্যর্পণ মোকদ্দমার রায় বহাল রাখেন’।
গত বছরের ৬ জুলাই তাকে (চিত্ত রঞ্জন রায় চৌধুরী) দখল বুঝিয়ে দেওয়ার নোটিশ প্রদান করলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন করেননি জেলা প্রশাসন। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ হতে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট শাখায় (গত বছরের ২৬ জুলাই) রীট পিটিশন (নম্বর ৭৭২৫/২০১৫) দায়ের করা হয়।
জানা গেছে, সরকারি কাগজ-পত্রে এই ভূমিতে ২২ জন দখলদার রয়েছেন। তবে আব্দুস সালাম, আনছারুল হক বাবু, রহিমা বেগম বন্দোবস্তের জমি চিত্তরঞ্জন রায় চৌধুরী’র কাছে মৌখিকভাবে স্যারেন্ডার করেছেন বলে চিত্তরঞ্জন রায় চৌধুরী সহকারী কমিশনার ভূমি অফিসে লিখিতভাবে জানিয়েছেন।
বুধবার সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খন্দকারের নেতৃত্বে আদালতের আদেশ কার্যকর করতে এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ পরিচালনায় নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খন্দকার বলেন, ‘সুপ্রীম কোর্টের রিট পিটিশন ৯৪৫০/১৪, ৩০-০৪-১৫ আদেশ ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মোকদ্দমা ৩/২০১২ এর আদেশ কার্যকর করার নির্মিত্তে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের রাজস্ব শাখার ৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখের ১৮৫৪ এর আদেশ মোতাবেক সুলতানপুর মৌজার ১৭৬ ও ৯৯ খতিয়ানের ১১১, ১১২ দাগের ১ একর ৫২.৮ শতাংশ ভূমি দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের বাসিন্দা চন্দ্র কান্ত রায় চৌধুরীর ছেলে চিত্তরঞ্জন রায় চৌধুরীকে বুঝিয়ে দেয়া হয়েছে’।
উচ্ছেদ পরিচালনায় নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনামগঞ্জ সদরের এসি ল্যা- (সহকারী কমিশনার ভূমি) মামুন খন্দকার আরও বলেন,‘উচ্চ আদালতের নির্দেশে দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিককে প্রায় এক একর ৫২ দশমিক ৮ শতক ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে’।