সু.খবর ডেস্ক
এখন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা। এর শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন. জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। তারই অংশ হিসেবে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী এসব কথা বলার সময় তার পাশেই ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে সকল কার্যক্রম আমাদের কাছে দেয়া হয়েছে। আমরা চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা লাগবে।
অষ্টম শ্রেণি পর্যন্ত চলা এমন স্কুলগুলোকেও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয় এমন এমপিওভুক্ত ৫৫৩ শিক্ষাপ্রতিষ্ঠান ও নন-এমপিওভুক্ত ১ হাজার ৮২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জের শিক্ষককে শাস্তি দেয়া কলঙ্কজনক ঘটনা
নারায়ণগঞ্জের সেই প্রধান শিক্ষককে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে কান ধরে উঠ-বস করানোর ঘটনাকে কলঙ্কজনক বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এটি জাতির জন্য সবচেয়ে দুঃখজনক। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা পুরো শিক্ষা পরিবার এঘটনায ব্যথিত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার তদন্তে আমরা কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
দেশজুড়ে আলোচিত এই ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার কাজ শুরু করেছে।
এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে বরখাস্ত করা হয়। এ বিষযে শিক্ষামন্ত্রী বলেন, বরখাস্তের বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা তাকে বরখাস্ত করিনি। এটা করেছে স্কুল প্রশাসন।