- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অসাম্প্রদায়িক সহনশীল সমাজের স্বার্থে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে-লন্ডনে আসাদুজ্জামান নূর

লন্ডন প্রতিনিধি
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংষ্কৃতি চর্চা শুধু নিজের পরিচয় তুলে ধরা নয়, এই চর্চা অন্ধকারের শক্তি মোকাবেলায় আমাদের সাহস যোগায়।  ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠি তাদের ভ্রান্ত মতবাদের প্রতি তরুণ প্রজন্মের মগজ ধোলাইয়ের যে অপকর্মে নেমেছে তা মোকাবেলায় সাহিত্য ও সংস্কৃতি চর্চা আমাদের সাহস যোগায়। সন্তানদের যদি আমরা আমাদের সাহিত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে তুলতে পারি তাহলে ঐসব অন্ধকারের শক্তি কোনভাবেই তাদের কাছে ঘেষতে পারবেনা।
মন্ত্রী বলেন, সংষ্কৃতি মানুষকে উদার, সহনশীল ও সহমর্মী হতে শেখায়।
বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরতে গিয়ে সংস্কৃতিকর্মী আসাদুজ্জামান নুর বলেন, আমাদের সংষ্কৃতি এত সমৃদ্ধ বলেই হাজার বছরের অসাম্প্রদায়িকতার ঐতিহ্য নিয়ে দেশের বাইরে বহির্বিশ্বেও আমরা মাথা উঁচু করে চলতে পারছি।
লন্ডনে  চতুর্থ বঙ্গবন্ধু বই মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার লন্ডন সময় সাত সাড়ে সাত ঘটিকায় ইলফোড টাউন হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর  এসব কথা বলেন।
বঙ্গবন্ধু বইমেলার প্রতি তাঁর মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসাদুজ্জামান নূর বলেন, একটি অসাম্প্রদায়িক সহনশীল সমাজের স্বার্থেই বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।
বঙ্গবন্ধু বইমেলার মাধ্যমে সেই কাজটিই হচ্ছে লন্ডনে। এই কাজের সহযোগি থাকতে পেরে আমরা অবশ্যই আনন্দিত। আসাদুজ্জামান নূর বঙ্গবন্ধু বইমেলার আরও সম্প্রসারণ চেয়ে বলেন, বঙ্গবন্ধু ‘জাতীর জনক’ শুধু এই একটি পরিচয় জানলেই তাকে পুর্নাঙ্গভাবে জানা হয়না। তাঁর সংগ্রামী জীবন, সমাজ চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সবকিছুই জানতে দিতে হবে আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে।
তিনি বলেন, পূর্নাঙ্গভাবে বঙ্গবন্ধুকে জানতে পারলে, তাঁর জীবনদর্শন অনুসরণ করলে একজন পূর্নাঙ্গ মানুষ হওয়া খুবই সহজ। ‘বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন‘ বঙ্গবন্ধু বইমেলার এই স্লোগানকে সমর্থন করে সংষ্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে পূর্নাঙ্গভাবে জানলে স্বয়ংক্রিয়ভাবেই আপনার সন্তান বাংলাদেশকে ভালোবাসবে। আর এই ভালোবাসা হবে অন্ধকারের শক্তির হাত থেকে দেশকে, দেশের মানুষকে রক্ষা করার অস্ত্র।
বঙ্গবন্ধু বইমেলার অন্যতম উদ্যোক্তা সাংবাদিক বুলবুল হাসানের পরিচালনায় সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,  প্রশান্ত বড়–য়া ও   ঢাকা থেকে আগত প্রকাশক মাজহারুল ইসলাম ও কামরুল হাসান শায়ক।
শুক্রবার রেডব্রিজ টাউন হলে শুরু হচ্ছে ৪র্থ বঙ্গবন্ধু বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলার অন্যতম সহযোগি সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। ইলফোর্ড টাউন হলে শুক্র থেকে রবিবার পর্যন্ত চলবে বঙ্গবন্ধু বইমেলা। মেলার সম্মিলিত আয়োজক ইউরোপীয়ান কলেজ অব ল, সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ, বঙ্গবন্ধু সেন্টার ও বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
উদ্যোক্তারা সাংবাদিকদের জানান ১৯ মার্চ মেলার শেষ দিন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ১ হাজার কপি বিনামূল্যে বিতরণ করা হবে।

  • [১]