স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপলের উপর হামলার চেষ্টার অভিযোগে রূকবাল আহমদ (৫০) নামের এক মাতালকে পুলিশ আটক করেছে। অন্য হামলাকারীরা এসময় পালিয়ে গেছে। আটককৃত রুকবাল মরক্কো প্রবাসী বলে
জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অ্যাড. কল্লোল তালুকদার চপলের বাসার সামনের রাস্তায় তিনি তার অসুস্থ মেয়েকে নিয়ে হাঁটছিলেন। এসময় একই পাড়ার রূকবাল আহমদ মাতাল অবস্থায় তার পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে রূকবাল আহমদ ফোন করে সুবেজ ও মামুনসহ কয়েকজনকে ডেকে আনেন। মাতাল যুবকরা এসে কল্লোল তালুকদার চপলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হামলা করতে উদ্যত হলে পথচারীরা প্রতিবাদ করেন। পাড়ার ও উপস্থিত লোকজন রুকবালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রুকবালকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার শরীরে এ্যালকোহলের অস্তিত্ব পান।
অ্যাড. কল্লোল তালুকদার চপল বলেন, ‘কোন কারণ ছাড়াই রূকবাল আমার সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফোন করে সন্ত্রাসী ডেকে আনে। সন্ত্রাসীরা এসে আমার উপর হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিরোধ করে রূকবালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বুধবার রাত সাড়ে ১০ টায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দিলোয়ার হোসেন দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান সদর থানা পুলিশ একজনকে হাসপাতালে নিয়ে এসেছিল। সে এ্যালকোহল পান করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য বলা হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী বলেন, ‘আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’