স্টাফ রিপোর্টার
‘গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার’-এমন স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এই র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রহিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেল সুপার আজিজুল হক, অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায়, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দেওয়ানী বিচার প্রার্থী আবুল কালাম ও আলী আজগর।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠান মঞ্চে অতিথি সারিতে অ্যাড. ড. খায়রুল কবির রুমেন পিপি, অ্যাডভোকেট মর্তুজা আলী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান বলেন,‘জনকল্যাণমূলক রাষ্ট্রে জনগণের মঙ্গলের জন্যই আইন প্রণয়ন করা হয়। সেই আইন ধনি-দরিদ্র সকলের জন্যই কার্যকর হয়। জনগণের মঙ্গলের জন্যই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। বিচার পাওয়ার অধিকার সবার। বিচার নিশ্চিত করার জন্য আজকের এই আয়োজন’।
আলোচনার সভার পর টিআইবি’র ইয়েস গ্রুপের নাট্যকর্মীরা ‘জরিনার ঘরে আইনের আলো’ নাটক পরিবেশন করে।
অনুষ্ঠানে গত বছরের সেরা প্যানেল আইনজীবী অ্যাডভোকেট পরিতোষ রায় ও অ্যাডভোকেট নাজনীন বেগমকে পুরস্কৃত করা হয়।