- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আইনজীবীদের পারিবারিক আনন্দ আয়োজন ছিল এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান

হোসেন তওফিক চৌধুরী
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের পারিবারিক আনন্দ আয়োজন মিলনমেলা এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। নিছক আনন্দ মূল উদ্দেশ্য ছিল। বিপুল আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে সম্মানিত আইনজীবীৃবৃন্দ ও তাদের পরিবার এই অনুষ্ঠানে মিলিত হয়েছেন।
গত ৪ঠা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। তরুন আইনজীবীরাই এই এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে সমিতির কার্যক্রমে এক নতুন মাত্রা সংযোজন করেছেন। অনুষ্ঠানে বিপুল পরিমান প্রবীণ-নবীন আইনজীবী, তাদের পরিবার অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করেছেন।
অনুষ্ঠানে কোন সভাপতি, প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিল না। প্রবীণ আইনজীবীদের মধ্যে ফজলুল হক আসপিয়া, আফতাব উদ্দীন, আবু আলী সাজ্জাদ হোসাইন, স্বপন কুমার দেব, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, আলী আহমদ, রইছ উদ্দীন আহমদ, হোসেন তওফিক চৌধুরী, ড. মফচ্ছির মিয়া, সত্যব্রত রায় প্রমুখদের মঞ্চে নিয়ে তাদের অনুভূতি প্রকাশ ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠান সচারুভাবে পরিচালণা করেছেন এনাম আহমদ ও হাছান মাহবুব সাদী। পরে মঞ্চে আইনজীবী সমিতির সকল সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং সমিতির ছয়জন বীর মুক্তিযোদ্ধা আইনজীবীকে মঞ্চে এনে তাদের অনুভূতি প্রকাশ করানো হয়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে আইনজীবী সমিতির যে সব সদস্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদেরকে সস্ত্রীক মঞ্চে এনে পরিচয় করিয়ে দেয়া হয়। আইনজীবীদের সহধর্মিনী ও তাদের পরিবার পরিজকে মঞ্চে নিয়ে আসা হয়। আইনজীবীদের সহধর্মিনীদের মধ্যে শুভ্রা দেব ও সালেহা বেগম বক্তব্য রেখেছেন।
অনুষ্ঠানকে আকর্ষনীয় ও প্রাণবন্ত করে তুলেছে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নৃত্য ও গান পরিবেশন। ‘র‌্যাফেল ড্র’ এর মাধ্যমে প্রায় ৫১টি পুরস্কার প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সমিতির সদস্য আবুল আজাদ কামালের অর্থায়নে এই ‘র‌্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়।
আইনজীবীদের প্রায় একঘেয়ে জীবনে এই ধরনের প্রাণবন্ত অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যময়। তবে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্বারোপ করে আইনজীবীরা বক্তব্য দিয়েছেন। সাবেক সাধারণ সম্পাদক শেরেনূর আলী এই ধরনের অনুষ্ঠানকে সমিতির বার্ষিক অনুষ্ঠানে অন্তর্ভূক্ত করার পরামর্শ দিয়েছেন। আফতাব উদ্দীন আহমদও এ ধরনের অনুষ্ঠান আরো ব্যাপক উদ্যোগ নিয়ে অনুষ্ঠানের পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতেই অনুভূতি প্রকাশ কালে ফজলুল হক আসপিয়া, আফতাব উদ্দীন, স্বপন কুমার দেব, সত্যব্রত রায় প্রমুখ কয়েকজন প্রয়াত সিনিয়র আইনজীবীর কথা বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেন। স্মরণ করা হয় মুনাওর আলী, অক্ষয় কুমার দাশ, সুখময় চৌধুরী, আব্দুল বারী চৌধুরী, যামিনী কান্ত দেব, রফিকুল বারী চৌধুরী, মুজিবর রহমান চৌধুরী, এ.জেডএস আজাদ বখত কে।  একাধিক বক্তা হুমায়ুন কবীর জাহানূরের কথাও স্মরণ করেন।
প্রথমবারের মত অনুষ্ঠিত এই আনন্দ আয়োজন অত্যন্ত সফল হয়েছে। অপার আনন্দে আন্দোলিত হয়েছেন সবাই। আনন্দঘন পরিবেশে দীর্ঘ সময় কাটিয়েছেন। সকলেল প্রত্যশা এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামীতে আরো ব্যাপক আকারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা এনাম আহমদ ও হাসান মাহবুব সাদী এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রশংসিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আসন্ন। এই মিলন মেলায় নির্বাচনী প্রাথীরা সকল আইনজীবীদেরকে একই অনুষ্ঠানে পেয়ে কুশলাদি বিনিময় করে আড়ালে আবডালে নির্বাচনী প্রচার জোড়েসোরে চালিয়ে যেতে লক্ষ করা গেছে।
লেখক : আইনজীবী-কলামিষ্ট

  • [১]