- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আইনমন্ত্রীকে বিএনপির ফজলুল রহমানের চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার
‘খালেদা জিয়াকে আইনী প্রক্রিয়ায় নয়, জোর করে জেলে রাখা হয়েছে, বিদেশে যেতেও আইনী কোন বাধা নেই।’ আইনমন্ত্রী যদি এই বক্তব্যকে আইনসঙ্গত নয় বলতে চান তাহলে জনতার সামনে শুনানীতে অংশ নিতে তাকে চ্যালেঞ্জ করলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সমাবেশে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বললেন, হারলে ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি, আসুন যে কোন বড় মাঠে লাখো জনতার সামনে আইনী লড়াই করি, প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে আসুন।
বীর মুক্তিযোদ্ধা ও এক সময়ের তুখোড় এই আওয়ামী লীগ নেতা বললেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানাতে আমার নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১০ জন নেতা আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আইনের ব্যাখ্যা দেই। তিনি আমাদের বক্তব্যের জবাবে কিছুই বলতে পারেন নি। আমাদের যুক্তির বাইরে গিয়ে একটা কথাও বলতে পারেন নি আইনমন্ত্রী। বলেছিলেন আমাদের সব কথা ঠিক। ভেবে দেখার জন্য উনাকে যেন একটু সময় দেই আমরা। তিনি আমাদের কাছ থেকে এক মাসের সময় নিয়েছিলেন। একমাস পরে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আইন নেই।
তিনি বললেন, সুনামগঞ্জের এই সমাবেশ থেকে আমি আইনমন্ত্রী কে চ্যালেঞ্জ করে বলতে পারি, আসুন বাংলাদেশের যে কোন টেলিভিশনের টকশো লাইভে, বাংলাদেশের কোন প্রান্তের মাঠে বসবেন লক্ষকোটি মানুষে দেখুক, আপনি আর আমি আইনী লড়াই করি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইন দেখাতে না পারলে ফাঁসির মঞ্চে যেতে বাধ্য থাকবো।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ফজলুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাা আল নোমান।

  • [১]