- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আইন পেশার সনদ হারালেন টাওয়ার হ্যামলেটস’র সাবেক মেয়র লুৎফুর রহমান

লন্ডন প্রতিনিধি
এবার সলিসিটার বা আইনজীবী হিসেবে কাজ করার আইনগত বৈধতা হারালেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফুর রহমান। সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে তিন দিনের শুনানি শেষে বুধবার সলিসিটর হিসাবে সাবেক মেয়র লুৎফুর রহমানকে আর প্র্যাক্টিস করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনালের খরচ বাবদও ৮৬ হাজার ৪ শ পাউন্ড পরিশোধ করতে হবে তাঁকে। দ্যা ল সোসাইটি গেজেটে প্রকাশিত এক সংবাদে এসব তথ্য জানানো হয়।
সাবেক মেয়র লুৎফুর রহমান প্রায় ২০ বছর আগে আইন পেশায় জড়িত আছেন । ২০১০ সালে টাওয়ার হ্যামলেটসের প্রথম বাঙালি নির্বাহী মেয়র নির্বাচিত হবার আগে প্রায় ৮ বছর তিনি ইস্ট লন্ডনের ম্যাককারম্যাকস সলিসিটর নামে একটি আইনী প্রতিষ্ঠানের পার্টনার ছিলেন।
দুর্নীতি ও বেআইনী বিভিন্ন কর্মকান্ডের অভিযোগে ইলেকশন কোর্ট তাকে ২০১৫ সালে নির্বাহী মেয়রের পদ থেকে অপসারন করে। উত্থাপিত অভিযোগগুলো বিবেচনায় নিয়ে লুৎফুর রহমানের বিরদ্ধে ব্যবস্থা নিতে সেই সময় দ্যা সলিসিটর রেগুলেশন অথোরিটির (এসআরএ) প্রতি আহ্বান জানিয়েছিল আদালত। এই রায়ের উপর ভিত্তি করে পরবর্তীতে দ্যা সলিসিটর রেগুলেশন অথোরিটি সাবেক মেয়র লুৎফুর রহমানকে শপথ অনুযায়ী আইনের সেবক হিসেবে ভূমিকা পালনে ব্যর্থতাসহ নানা অভিযোগে অভিযুক্ত করে।
এসআরএ-এর অভিযোগের বিরুদ্ধে সাবেক মেয়র লুৎফুর রহমান রিভিউ আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে সোমবার থেকে শুরু হয়েছিল সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনালে এসআরএ- এর পক্ষ থেকে উত্থাপিত সব অভিযোগের জন্য লুৎফুর রহমানকে দায়ী করা হয়।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস‘র সাবেক মেয়র লুৎফুর রহমানের দেশের বাড়ী সিলেটের ওসমানী নগর উপজেলার সিকন্দরপুর গ্রামে।

  • [১]