- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আইসিসির বৈঠকে মুস্তাফিজের প্রশংসা

সু.খবর ডেস্ক
সোনার ডিম পাড়া হাঁস পেয়ে লোভে পড়ে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ম্যাজিশিয়ান’ মুস্তাফিজুর রহমানকে রয়েসয়ে ব্যবহার করা হবে বলে গতকাল জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অতিরিক্ত ম্যাচ খেলতে গিয়ে ২০ বছরের তরুণ এ পেসার যেন ইনজুরিতে না পড়ে, সে ব্যাপারে কাজ করার কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে টেস্টে তাকে কম খেলানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
চোট থেকে উঠে টি২০ বিশ্বকাপ খেলেছেন মুস্তাফিজ। তবে সেখান থেকে ফিরে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে তাকে আবার ভারত যেতে হয়েছে আইপিএল খেলতে। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিস্ময়ের পর বিস্ময় উপহার দিচ্ছেন কাটার মাস্টার। সামনেও টানা খেলার মধ্যে থাকতে হবে তাকে। তবে বিসিবি সভাপতি গতকাল বলেছেন, মুস্তাফিজ যে দলেই খেলুক না কেন, তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে বলবেন তারা। নাজমুল বলেন, ‘আইপিএল শেষে তার কাউন্টি খেলতে যাওয়ার কথা। আমরা তাকে যেখানেই পাঠাই সেখানেই বোর্ড থেকে নির্দেশনা দেওয়া থাকবে। সে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট খেলুক, সেটা আমরা এখন চাই না। ওয়ানডে ও টি২০ খেলুক। তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। এগুলো আমরা চিন্তা-ভাবনা করছি। মুস্তাফিজ আমাদের সম্পদ। এই সম্পদকে আমরা চোটে ফেলে নষ্ট করতে চাই না। বাংলাদেশের জন্য সে অনেক মূল্যবান। সে জন্যই আমরা মুস্তাফিজকে রক্ষা করব।’ ১২ মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারে দু’বার ইনজুরিতে পড়েছেন বাঁহাতি এ পেসার। মুস্তাফিজকে বিদেশি লীগে পাঠানো হলে কী নির্দেশনা দেওয়া হবে সেটাও বলেছেন নাজমুল, ‘আগেভাগেই তার ব্যাপারে আমাদের শর্তগুলো সংশ্লিষ্ট বোর্ড ও দলকে আমরা জানাব। তার বয়স এখন অনেক কম। তার মাংসপেশি যেভাবে তৈরি হওয়ার কথা সেভাবে এখনও হয়নি। আমরা এসব নিয়ে কাজ করছি।’
আইসিসির বৈঠকেও নাকি সবাই মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাকি নাজমুল হাসানের কাছে জানতে চান, এই ছেলেটাকে তারা কোথায় পেয়েছেন! মুস্তাফিজের বোলিংয়ে নাকি প্রতিনিয়ত অবাক হচ্ছেন আইসিসির বড় কর্তারা পর্যন্ত!

  • [১]