জগন্নাথপুর অফিস
আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হতে ঝুঁকিতে রয়েছেন। এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল।
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হাশিম। আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত এ ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা দুই ধারায় বিভক্ত হয়ে পড়লেও সাধারণ ভোটারদের আবেগ এখন পর্যন্ত নৌকার পক্ষেই রয়েছে বলে জানা যায়। শেষ পর্যন্ত এই অবস্থা বজায় থাকলে নৌকা পেরিয়ে আসতে সক্ষম হবে বলে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন।
পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আঙ্গুর মিয়া। এখানে আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান সফল চেয়ারম্যান সিরাজুল হক। যার নাম তৃণমূল থেকে একক প্রার্থী হিসেবে জেলায় পাঠানো হয়। পরবর্তী তিনি মনোনয়ন না পাওয়ায় ইউনিয়নবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর সমর্থনে রয়েছে দলের একটি বৃহৎ অংশ। যে কারণে পাটলী ইউনিয়নে নৌকার প্রার্থীর বিজয় অনিশ্চিয়তায় রয়েছে।
চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আরশ মিয়া। এই ইউনিয়নে নৌকার ভোট ব্যাংক থাকলেও এখানে বিদ্রোহী প্রাথী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান হারুন রাশীদ। তিনি একজন শক্তিশালী প্রার্থী হওয়ায় নৌকার দুর্গে নৌকা ঝুঁকিতে রয়েছে। রানীগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি হয়েছেন আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম রানা। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী রয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা মজলুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজ। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম দলীয় মনোনয়ন চেয়ে পাননি। যিনি নৌকার প্রার্থী হয়েছেন তার সাথে দলের নেতাকর্মীদের রয়েছে দূরত্ব। যে কারণে নৌকার ভোট ব্যাংক হিসেবে পরিচিত রানীগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী এখনো সুবিধাজনক অবস্থানে আসতে পারছেন না। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সফল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হাসান। এ ইউনিয়নে তার সমপর্যায়ে হ্যাভিওয়েট প্রার্থী না থাকলেও এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালী। তার বাড়ি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত শাহারপাড়া অঞ্চলে। ওই অঞ্চলের প্রভাবশালী এক যুবলীগ নেতা সহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একটি অংশ গোপনে নৌকার বিপক্ষে কাজ করছে। যে কারণে সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হওয়া স্বত্বেও আবুল হাসান নৌকা প্রতীক পেয়ে কিছুটা বিপাকে রয়েছেন।
আশারকান্দি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহ আবু ঈমানী। এই ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মাঠের নেতা আইয়ুব খাঁন ও সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ বিদ্রোহী প্রাথী হিসেবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করে বলা যাচ্ছে না।
পাইলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন । এখানে মনোনয়ন না পেয়ে প্রার্থী হয়েছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল। তাকে নিরবে সমর্থন দিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা।
শুধু পাইলগাঁও ইউনিয়ন নয় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা পাটলী ও আশারকান্দি ইউনিয়নে দলের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর পক্ষে নিরব সমর্থন দিয়ে যাচ্ছেন। অনুরূপভাবে আজিজুস সামাদ ডন অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ব্যতিত অপর ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মৌন সমর্থন দিয়ে কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুস সামাদ ডন অনুসারী হিসেবে পরিচিত জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র বলেন,‘অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ সঠিক হয়নি। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সমন্বয়হীনতার কারণে নৌকার প্রার্থীরা ঝুঁকিতে পড়েছেন।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় নেতাকর্মীরা কিছু বিভ্রান্তিতে রয়েছেন। তবে ক্রমশ পরিস্থিতির উন্নতি হচ্ছে। সর্বশেষ সবকটি ইউনিয়নেই নৌকার বিজয় হবে বলে তিনি আশাবাদী।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন বলেন,‘আমরা প্রতিটি ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেছি। আওয়ামী লীগ ব্যতিত বিরোধীদলীয় প্রার্থীরা কোন ইউনিয়নেই আমাদের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেই। বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় নৌকার প্রার্থীরা কিছুটা বিপাকে থাকলেও তা দ্রুত কাটিয়ে উঠে সাতটি ইউনিয়নেই নৌকার বিজয় হবে।’
উল্লেখ্য, ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার আটটি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে মীরপুর ইউনিয়নে আইনি জটিলতায় নির্বাচন না হওয়ায় সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলে ছয়টিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।