শাহরিয়ার সুমন ও উজ্জ্বল তালুকদার
বর্ণাঢ্য ও বিশাল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলো জেলা আওয়ামী লীগ। শহরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুর থেকেই শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখা হয় এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে বঙ্গবন্ধুর জীবনচিত্র দেখানো হয়। বিকাল সাড়ে ৪ টা থেকে দলীয় নেতা কর্মীদের ভিড় বাড়তে থাকে। বিকাল ৬ টায় শুরু হয় বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও শিশুকাল নিয়ে আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন। বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, অ্যাড. শামছুন নাহার শাহানা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দলীয় নেতা অ্যাড. সুরেশ দাস, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জাফরান কুসুম, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু প্রমুখ।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেন,‘আজ বাঙালির জাতির শুভ দিন, এই দিনে যার আগমন ঘটেছিল তাঁর মাধ্যমে আমরা নতুন জাতিসত্বা পেয়েছি, তিনি আমাদের এই মহান সংগঠনটিও দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে বাঙালি জাতির বিকাশ ও মুক্তির জন্য এই সংগঠনটি গড়ে তুলবো। বিজ্ঞানভিত্তিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো’।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক বলেন,‘বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মদিন সুনামগঞ্জের আওয়ামী লীগ যে বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে, তা নিঃসন্দেহে নেতা কর্মীদের উৎসাহ যোগাবে, জাতির মহান নেতা বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন করা হবে বড় কোন মাঠে, উন্মুক্তভাবে লাখ মানুষের উপস্থিতিতে’।
তিনি বলেন,‘যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধীদের স্থান আওয়ামী লীগে হবে না, ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা তানভির ও মোবারককে যেভাবে দল ছাড়তে হয়েছে, স্বাধীনতা বিরোধী সকলকেই এইভাবে আস্থাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলকে সঠিক পথে পরিচালনা করছেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের পথে এগুচ্ছেন, আওয়ামী লীগের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে’। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে ঐক্যবদ্ধভাবে জেলার ১১ উপজেলায় দলকে শক্তিশালী করার উদ্যোগ নেবার আহ্বান জানান।
অ্যাড. শামছুন নাহার শাহানা এমপি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে গ্রামে-গঞ্জে দলকে সংগঠিত করার আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘আজ যার জন্ম হয়েছিল, তাঁর জন্ম না হলে হয়তো বাংলাদেশই হতো না, বঙ্গবন্ধুই কেবল বাঙালি জাতির সর্বস্তরের নেতা হতে পেরেছিলেন, আমরা তাঁর পথেই হাঁটতে চাই’। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষ থেকেও উপস্থিত সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেককাটেন জ্যেষ্ঠ নেতারা।