স্টাফ রিপোর্টার
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে শুক্রবার বিকাল থেকে সুনামগঞ্জ-ঢাকাসহ সুনামগঞ্জ জেলার অভন্তরীণ সকল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলকারী সকল পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে শুক্রবার বেলা আড়াইটায় এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে, হঠাৎ করেই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে দূরপাল্লার যাত্রীরা চরম বেকায়দায় পড়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এই বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান এবং পরিবহন শ্রমিকদের বৈঠক ডেকেছিলেন জেলা প্রশাসক। কিন্তু পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সিলেট থেকে আসতে না পারায় গতকালকের নির্ধারিত বৈঠকটি হয় নি বলে জানা গেছে।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ইউপি চেয়ারম্যান নুরুল হক জানান, শুক্রবার বেলা ১১ টা থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক ডাকা হয়েছিল। বৃহস্পতিবার জেলা পরিষদ কর্তৃক টার্মিনালে উচ্ছেদ কার্যক্রম চালানোর নামে ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে এই বৈঠক ডাকা হয় বলে দাবি করেন তারা।
বিকালে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক বিবৃতিতে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে মার্কেট নির্মাণ বন্ধকরণ, বাস টার্মিনালের সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনালে প্রবেশ এবং বের হবার সড়ক সংস্কার, বাস টার্মিনালের যাত্রী ছাউনি নির্মাণ ও পুকুর ইজারা বন্ধ করে গাড়ী রাখার স্থান বৃদ্ধিকরণ, ভাংচুরকৃত কাউন্টার পূর্বের স্থানে
পুন:নির্মাণ ও বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবি জানানো হয়। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে দাবি করা হয় বৈঠকে- সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, সিলেট মোটর মালিক গ্রুপ, সিলেট বাস মিনিবাস মালিক গ্রুপ, জগন্নাথপুর বাস-মিনিবাস মালিক গ্রুপ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা হিউম্যান-হোলার অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, সুনামগঞ্জ-বাস মিনিবাস শ্রমিক গ্রুপ, সুনামগঞ্জ বাস শ্রমিক শাখা’র নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ইউপি চেয়ারম্যান নুরুল হক বললেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখবো আমরা।’ সন্ধ্যা সাড়ে ৭ টায় জুয়েল মিয়া জানান, সিলেট থেকে নেতৃবৃন্দ না আসায় আমরা বৈঠকে বসতে পারি নি।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘বার বার পরিবহন মালিকদের সঙ্গে সভা করে, তাদের দাবি মেনে ৭ দিনের মধ্যে অফিস সরানোর জন্য একমত হবার পরও তারা অফিস সরায়নি। আলোচনার প্রায় এক মাস পর আমরা উচ্ছেদে গিয়েছি। এখন ধর্মঘট ডেকে তারা মানুষকে জিম্মি করছেন। ’
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকরা আগে কিছুই জানাননি। এ জন্যই দুই পক্ষকে সন্ধ্যা সাড়ে ৭ টায় বৈঠকে ডাকা হয়েছিল কিন্তু সিলেট থেকে পরিবহন নেতৃবৃন্দ না আসায় শুক্রবার বৈঠক করা যায় নি। পরিবহন মালিক-শ্রমিক ও জেলা পরিষদের মধ্যে সৃষ্ট সংকট দূর করার জন্য এই বৈঠকটি আজ সকাল এগারটায় অনুষ্ঠিত হবে।’
ওদিকে, জেলায় লাগাতার ভারী বর্ষণে এমনিতেই জীবন যাত্রা থমকে গেছে। এরমধ্যে পরিবহন ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছেন দূর পাল্লার যাত্রীরা।
শুক্রবার বিকালে নতুন বাসস্টেশনে দাঁড়ানো বিশ্বম্ভরপুরের যাত্রী যমুনা বিশ্বাস বলেন,‘সিলেটে যাবার জন্য এই দিনের মধ্যে প্রথমে ট্রলারে, পরে লেগুনায় করে সুনামগঞ্জে এসেছি। এখন শুনছি বাস চলবে না। এই দিনের মধ্যে আবার বাড়ী ফিরি কীভাবে বলুন?’ কেবল যমুনা বিশ্বাস নয়। শুক্রবার বিকালে শত শত যাত্রীকে এভাবে হা-হুতাশ করতে দেখা গেছে।