- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আকাশে মেঘ জমলেই দেখা মিলে না বিদ্যুতের

দিরাই সংবাদদাতা
আকাশে মেঘ জমলেই বা সামান্য বাতাস হলেই বিদ্যুৎ সঞ্চালন বন্ধ। একারণে চরম ভোগান্তিতে পড়েছেন দিরাই উপজেলাবাসী। গত কয়েকদিনে কালবৈশাখিতে উপজেলার বিভিন্ন ফিডারে বৈদ্যুতিক খঁুটি হেলে পড়ার ঘটনা ঘটেছে। ঝড়ের পর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে দিরাই। মঙ্গলবার রাতে বাতাসে উপজেলার একটি ফিডারের (ভাটিপাড়া ফিডারের) তার ছিঁড়ে যায়। এরপর বুধবার বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলো দিরাই ও পার্শ্ববর্তী শাল্লা উপজেলার হাজারো গ্রাহক। বিদ্যুৎ ভোগান্তির স্থায়ী সমাধান চান উপজেলাবাসী।
দিরাই উপজেলা পয়েন্টের ক্ষুদ্র ব্যবসায়ী শোভা মিয়া বলেন, বাতাস শুরু হলেই কারেন্ট চলে যায়। আবহাওয়া ভাল হওয়ার পরও কয়েক ঘন্টা লেগে যায় কারেন্ট আসতে।
দিরাই বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকানি লোকেশ তালুকদার বলেন, হাতে কাজ থাকলেও কারেন্ট না থাকায় করতে পারছি না। অনেকে দূর দূরান্ত থেকে লোকজন আসেন। কারেন্টের জন্য আমরা তাদের সঠিক সেবা দিতে পারি না। এতে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যন্ত্রণা থেকে পরিত্রাণ চাই।
দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের বাসিন্দা প্রদীপ দে বলেন, আবহাওয়া ভালো থাকলেও বিদ্যুৎ যন্ত্রণা নিয়মিত হয়ে গেছে।
দিরাই উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মো. রুবেল রানা বললেন, ৩৩ কেভি লাইনটি সুনামগঞ্জ থেকে দিরাইয়ের ভাটিপাড়া ফিডার হয়ে এসেছে। ভাটিপাড়া ফিডারটি অনেক লম্বা। এর অধিকাংশ লাইন গ্রামের ভিতর দিয়ে টানানো। ঝড়বৃষ্টি হলে গাছের ডালপালা ভেঙ্গে লাইন ক্ষতিগ্রস্ত হয়। মাঝে মাঝে বড় ধরণের ক্ষতি হলে বিভাগীয় শহর সিলেট থেকে দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল টিম এসে কাজ করে। ভাটিপাড়া লাইন একবার করে চেক দিতে ৩—৪ ঘণ্টা সময় লাগে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করে সেবা দেবার চেষ্টা করছি।

  • [১]