ইয়াকুব শাহরিয়ার ও শহীদ নূর আহমেদ
শীতের শেষ। উষ্ণতার আগমনী সময়ে সুনামগঞ্জ ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে সুরমা পাড়ের দিকে এগিয়ে চলছে মুসল্লির ঢল। বেলা ১১টা নাগাদ আব্দুজ জহুর সেতুর ডান পাশে সুরমা পাড়ে জেলা ইজতেমা ময়দান ও আশপাশের সড়কে প্রায় ২ কি.মি. এলাকা জুড়ে জনসমুদ্রে পরিণত হয়। লাখো মানুষের এই কাফেলার আখেরি মোনাজাতের মাধ্যমে শনিবার শেষ হয়েছে সুনামগঞ্জ ইজতেমা পর্ব। মোনাজাতে মহান আল্লাহর দরকারে দুই হাত তুলে কেঁদে কেঁদে আত্মশুদ্ধি ও পরকালের মুক্তির জন্য কৃত কর্মের ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। প্রার্থনা করেছেন দেশ, জাতি, মানবতার কল্যাণ ও সমৃদ্ধির।
আগেই ঘোষণা করা হয়েছিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। সে অনুযায়ী ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত ও শহরতলির পাড়া মহল্লা থেকে ইজতেমা ময়দানে জমায়েত হন মুসল্লিরা। ঠিক ১২টায় মোনাজাত শুরু করেন তাবলিগ জামাতের শীর্ষ আলেম, কাকরাইল মসজিদের বিশিষ্ট মুরব্বি হাফিজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। তাঁর সাথে লাখো মুসল্লি আমীন আমীন ধ্বনিতে প্রকম্পিত করেন ইজতেমা ময়দান। ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জোড়ে সেই আমীন ধ্বনি ছড়িয়ে পড়ে। প্রায় ১২ মিনিটের এই মোনাজাতে ব্যক্তি জীবনের গুনা মাফ,
ইহজীবনের কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহ্’র ঐক্য, সব মানুষের হেদায়াত, অসুস্থদের রোগমুক্তি, নির্যাতিত ও বিপদগ্রস্তদের পরিত্রাণ, কবরে শায়িত মা-বাবা ও আত্মীয় স্বজনসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে কাতর কণ্ঠে দোয়া করা হয়। মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠকে কেন্দ্র করে আব্দুজ জহুর সেতু, বিশ্বম্ভরপুর-তাহিরপুর-জামালগঞ্জ সড়ক, আশপাশের গ্রামের খালি জায়গায় অবস্থান নেন মুসল্লিরা। যতদূর চোখ যায় ছিলো শুধু মানুষ আর মানুষ। অনেকে জায়নামাজ, খবরের কাগজ, পলিথিন, পাটি ও চটের বস্তা বিছিয়ে মোনাজাতে অংশ নেন। অনেক নারীও মোনাজাতে অংশ নিতে আসেন। এসময় বিশ্বম্ভরপুর-তাহিরপুর-জামালগঞ্জ সড়কে ঘন্টা দুইয়েক সব ধরনের যানচলাচল বন্ধ ছিলো। আখেরি মোনাজাতের আগে তাবলিগ জামাতের কয়েকজন বিশিষ্ট মুরব্বি তাবলিগের আদবের উপর হেদায়তী বয়ান করেন।
এদিকে, আখেরি মোনাজাতে জমাতবন্দি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকারী, আধা সরকারী, বেসরকারী দপ্তরের বিশিষ্টজনদের অংশগ্রহণ করতে দেখা গেছে। মোনাজাতে অংশগ্রহণ করেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ্, জেলা পরিষদ প্রশাসক নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম প্রমুখ।
শাল্লা থেকে ইজতেমা ময়দানে মোনাজাতে অংশ নিতে আসা মুরব্বি শাহাব উদ্দিন জানান, ‘আমাদের জেলায় ইজতেমা হচ্ছে। তিন দিনের ইজতেমায় অংশ নিতে না পেরে খুব খারাপ লাগছে। তাই কিছুটা অভাব কমাতে এবং লাখ লাখ মানুষের সাথে মোনাজাতে অংশ নিতে ছুটে এসেছি। নিজের আত্মশুদ্ধির জন্য মহান রাব্বুল আল-আমীনের দরবারে দোয়া করেছি।’
ছাতকের মোবারক হোসেন নামের একজন জানান- ‘প্রচুর মানুষ। চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। তবুও নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে, এতো মানুষের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পেরেছি।’
উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হওয়া সুনামগঞ্জ ইজতেমা পর্বে ১২টি দেশের বিদেশী মেহমানসহ মোট ৪হাজার ৩শ ৮৮টি তাবলিগ জামাতের ১০ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। গতকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জেলার সব চেয়ে বড় এই মুসলিম জমায়েত।