- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগামীকাল আওয়ামী লীগের জেলা সম্মেলন পদ পেতে আগ্রহীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে

বিশেষ প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পেতে আগ্রহীদের তথ্য সংগ্রহের কাজ করছে একাধিক সরকারি- বেসরকারি সংস্থা। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীর নীতি নৈতিকতা, দলের প্রতি আন্তরিকতা, দলীয় কর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা, দলকে সময় দেবার বিষয়টিও খোঁজ নিচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সংগঠন ও সংস্থা সূত্রে। আগামী বৃস্পতিবার ১৯ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষে দুপুর ১ টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের নাম আলোচিত হচ্ছে।
সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সংসদ সদস্য ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল ও যুব লীগের প্রেসিডিয়াম সদস্য জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম আলোচিত হচ্ছে।
দলের হাই কমাণ্ড থেকে আলোচিত ও পদ পেতে আগ্রহী এসব নেতাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। দলীয় নেতা কর্মী’র মাধ্যম ছাড়াও, সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে এই রাজনীতিকদের জনপ্রিয়তা, বিগত সময়ে তাঁরা বিতর্কিত কোন কার্যক্রম করেছেন কি-না, বা বর্তমানে যুক্ত আছেন কি-না, একই সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালনের সময় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন কি-না, হলে কেমন দুর্নীতি বা কী কী দুর্নীতি, পদ পেতে আগ্রহীদের দলের ভেতরে ও জনসাধারণের কাছে জনপ্রিয়তা এবং জমায়েত করার ক্ষমতা কতটুকু রয়েছে ইত্যাদি   সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মান্নানের ঘনিষ্ট দক্ষিণ সুনামগঞ্জের একজন দলীয় নেতা জানিয়েছেন, সংগঠনের জেলা সভাপতি পদে কিংবা অন্য কোন পদ পেতে কখনোই এমএ মান্নান আগ্রহ প্রকাশ করেন নি। পদের চাইতে কাজেই তিনি বেশি বিশ্বাস করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি তাঁর আনুগত্য এবং কর্মের জন্যই দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পেয়েছেন। তার মতে এমএ মান্নান মনে করেন দলীয় সভানেত্রী তাঁকে যেখানে রাখবেন, সেখান থেকেই তিনি দেশ, মানুষ এবং দলের জন্য কাজ করবেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন, ‘আমার সঙ্গে দুয়েকটি সংস্থা কথা বলেছেন, সম্মেলনের বিষয়েও খোঁজ নিয়েছেন’।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী, তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী’র অনুগত মানুষ, তিনি যে নির্দেশ দেবেন, সেটাই মানবো আমি, আমার সঙ্গে দায়িত্বশীল সংস্থা বা দলের উচ্চ পর্যায়ের কারো সঙ্গে এ নিয়ে কথা হয়নি’।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন,‘আমি সংগঠনের জেলা সভাপতি কিংবা সম্পাদক পদের জন্য কোথাও তদবির করিনি, কোন দায়িত্বশীল সংস্থা থেকে এ নিয়ে আমার সঙ্গে কথাও বলেননি’।
কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘আমি কোন পদে থাকলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে কাজ করবো, পদে না থাকলেও আমাকে নেত্রী যেভাবে কাজ করার নির্দেশ দেবেন  সেভাবেই করবো, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাকে দেওয়া হলে, আমি দলকে তৃণমূলে সংগঠিত করার জন্য কাজ করবো, আমার সঙ্গে যারাই যোগাযোগ করেছেন, আমি এভাবেই বলেছি’।
প্রসঙ্গত. ১৯ বছর পর আগামী ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ হয়েছে। দীর্ঘ দিন ধরেই জেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি- সম্পাদককে দিয়ে। দলীয় জেলা নেতৃত্ব এবং জেলার সংসদ সদস্যদের মতভিন্নতার কারণে গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২ বার সম্মেলনের তারিখ হলেও শেষ পর্যন্ত হয়নি। এবার কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে আগামী ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

  • [১]