আবু হানিফ চৌধুরী, দিরাই
আগামীকাল বুধবার দিরাইয়ে শুরু হচ্ছে ধল মেলা। এদিকে মেলাকে ঘিরে সবধরণের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী।
সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে মেলাকে ঘিরে মদ, জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। প্রতি বছর ধল মেলায় সমগ্র ভাটি অঞ্চলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। কিন্তু এলাকার একটি শক্তিশালী মহল ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে অর্থ বাণিজ্যে মেতে উঠে। চলে মাদকের ছড়াছড়ি, জুয়া আর অশ্লীল নৃত্যের রমরমা ব্যবসা।
জানা যায়, প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ধল মেলায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আনন্দ উৎসবের জোয়ার বয়। উজান ধলের সবুজ মাঠে ফাল্গুন মাসের প্রথম বুধবার কালনী নদীর তীর ঘেঁসে বসে মেলা । প্রতি বছরই মেলাকে কেন্দ্র করে দিরাই-শাল্লার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে আনন্দের জোয়ার নামে। এবারও তার ব্যতিক্রম ঘটবে হবে না বলে আয়োজকরা জানান। মেলাকে কেন্দ্র করে ধল তথা পার্শ্ববর্তী অঞ্চলের বাউল গান, কীর্ত্তনসহ গ্রাম বাংলার আবহমান উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে।
একুশে পদক প্রাপ্ত প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিম ধল মেলাকে নিয়ে অনেক গান রচনা করেছেন। যেমন তার রচিত-‘পয়লা ফাল্গুনে আইলো ধলের মেলা,/যাও যদি আও দলে দলে, উঠছে বেলা/যাইতে মেলা বাজারে রাস্তাতে নদী পড়ে/আগে যারা রাস্তা ধরে,যায় বড় ভালা/দেখবে কত সার্কাস বাজি, দেখলে মন হয় যে রাজি। হাতে যদি তাকে পুঁজি খাবে রসগোল্লা/এই করিমের পয়সা নাই, রস বিলাইতে আমি যাই ওগো সরলা।’ হিন্দু-মুসলিম জনতার সম্প্রীতির মিলন মেলা ‘ধল মেলা’ এর পটভুমি নিয়ে শাহ আবদুল করিমের বিখ্যাত গান রচনা করেছেন ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম/গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান/মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম।
ধল মেলার সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে মেলার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন মত চালু রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা দেবী ‘পরমেশ্বরী’র পূজা-অর্চনা করেন।
দূর-দূরান্তের মানুষ পূজা-অর্চনা করার উদ্দেশ্যে আসেন। নানা আয়োজনে ধল মেলা হয়ে উঠে প্রাণবন্ত। মেলার উৎপত্তি নিয়ে এমন বক্তব্যেও সাথে দ্বিমত পোষণও করেন অনেকে।
প্রাচীন এ মেলার উৎপত্তির সঠিক ইতিহাস সকলেরই অজ্ঞাত। ধল মেলার ঐতিহ্যবাহীরপণ্য আখ ও বেল। মেলায় এসে লোকজন আর কিছু কিনুক আর নাই কিনুক অন্তত এক আটি আখ ও এক হালি বেল কিনবেই। ধল মেলার মিষ্টি, রসমালাইর কদরও খুব বেশী। মেলা উপলক্ষ্যে গ্রামের ঘরে ঘরে চিড়া তৈরী করা হয়। সামর্থ অনুযায়ী কেউ ধানের খই, চিড়াও তৈরী করেছে। মেলা উপলক্ষ্যে বেড়াতে আসা আত্মীয় স্বজনদের খই, চিড়া দিয়ে আপ্যায়ন একটি প্রথায় পরিণত হয়েছে।
পাকা উঁচু স্থানে রক্ষিত শিলাকে ঘিরে প্রায় ১৫ একর অনাবাদী জমিতে মেলা বসে। আগে এই স্থানের পরিধি আরও ব্যাপক ছিল। দিন দিন জমি আবাদী হয়ে যাওয়ায় মেলার জায়গা ছোট হয়ে আসছে।
ধল মেলার নির্ধারিত কোনো তারিখ নেই। তবে দিনটি নির্ধারিত আছে ফাল্গুন মাসের প্রথম বুধবার। মূলত সোমবার থেকেই শুরু হয় মেলার প্রস্তুতি। মঙ্গলবার বিকেলে কিছুটা কেনা কাটা হয়। বুধবারে বেলা ১১টায় পূজায় ভেড়া বলিদানের মধ্যে শুরু হবে মেলা।
স্থানীয়ভাবে বলা হয় মঙ্গলবারে আধা মেলা, আর বুধবারে পুরো মেলা। লাঠি, আখ, বেল ধল মেলার ঐতিহ্য। এছাড়াও স্থানীয়ভাবে আবহমান গ্রামবাংলার তৈরী বাঁশ, বেত ও মাটির পণ্য এবং দৈনন্দিন কাজে লাগে এমন পণ্যের প্রায় সহস্রাধিক দোকান বসে মেলায়। মেলায় যাত্রা এবং সার্কাসসহ বিভিন্ন ধরণের গ্রামীণ খেলার আয়োজন করা হয়।
দিরাই থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, ‘মেলাটি প্রতিবছরের ন্যায় এবারো মেলা বসবে। তবে কাউকে কোন ধরণের অসামাজিকতা ও খারাপ কাজ করতে দেয়ার সুযোগ দেয়া হবে না। ’