বিন্দু তালুকদার
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সকল নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ-সিলেট অঞ্চলে আগাম বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিস। গত তিন দিন আগ থেকেই আগাম বন্যার পূর্বাভাস দেখা দিয়েছিল বলে জানান আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৩৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
সিলেট আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্য আবহাওয়াবিদ সাইদ আহমদ
চৌধুরী গতকাল শনিবার বিকাল দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, সুনামগঞ্জ-সিলেট অঞ্চলের আকাশে প্রচুর মেঘ রয়েছে। আগামী তিন দিন ৪ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। গত বছরের ন্যায় এবারো এপ্রিল মাসে প্রচুর বৃষ্টিপাত ও আগাম বন্যা হবে বলে আভাস পাওয়া গেছে। বিভাগীয় কৃষি অধিদপ্তর আমাদের কাছ থেকে আবহওয়ার সকল তথ্য নিয়েছেন। বিভাগীয় কৃষি কর্মকর্তা জানিয়েছেন সিলেট বিভাগের ৬টি উপজেলার বোরো ফসল আগাম বন্যার ঝুঁিকতে পড়েছে। ’
তিনি আরো জানান, সুনামগঞ্জ-সিলেট অঞ্চলের আশপাশের ভারতের সকল পাহাড়ে প্রচুর মেঘ জমে আছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের পাহাড়ে বৃষ্টি হচ্ছে। তাই পাহাড়ী ঢলের কারণে সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানিতেই আগাম বন্যা দেখা দিয়েছে।
আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, গত দুই-তিন বছর ধরেই মার্চ-এপ্রিল মাসে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। গত বছরের বৃষ্টিপাত ৫৯ বছরের ইতিহাস ভেঙেছে। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৬৫ মিলিমিটার পর্যন্ত হওয়ার কথা থাকলেও গত বছল এপ্রিল মাসে তিনগুন বেড়ে ১০৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বছরও বেশী বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক জানান, আগাম বন্যার কোন পূর্বাভাস পাওয়া যায়নি। তবে এই সপ্তাহ পুরোটাই বৃষ্টিপাত হবে বলে জানা গেছে। গতকাল শনিবার সকল পর্যন্ত সারা জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২০ মিলিমিটার।