- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আগে কি সুন্দর দিন কাটাইতাম-৩. ছোটদের সেকাল

স্বপন কুমার দেব
ছোটদের জগৎ বর্তমানে যেমন আছে তেমনি অতীতেও ছিল। তাদের রাজ্যে তারাই রাজা। শিশু মনস্তত্ব: বুঝা বড়দের জন্য কঠিন। বিশেষত: এ যুগে। যতবড় বিশেষজ্ঞই হোন না কেন ছোটরা কখন কি করবে তা ধারণা করতে পারবেন না। তবে সেকালে শিশুদের মনোজগৎ কিছুটা হলেও গন্ডীবদ্ধ ছিলো। সেই সময়ে একদম ছোট বা কোলের শিশুদের জন্য খেলনা পাতির বিশেষ কোন প্রাচুর্য্য ছিল না। বাজারে যা পাওয়া যেত তা সামান্যই বলা যায়। অবশ্য দরিদ্র ঘরের শিশুদের জন্য সেকাল একাল সবই সমান।  সাধারণ প্লাস্টিকের পুতুল বা ডল, ঝুমঝুমি, মাটির পশুপাখি ইত্যাদি ছিলো মূল খেলনা। শিশুর জামা কাপড় মায়েরা কাপড় কিনে ঘরেই তৈরী করে নিতেন। টিভি না থাকায় কার্টুন চ্যানেল, ইলেক্ট্রনিক খেলনা ইত্যাদির প্রশ্নই উঠে না। পরিবারে লোকজন বেশী থাকায় শিশুরা সকলের কোলে কোলে ঘুরতো। শিশু যেন শুধু মায়ের নয় সবার। এছাড়া পাড়া প্রতিবেশী অনেকের ঘরেই শিশুরা মনের আনন্দে খেলাধুলায় মেতে উঠতো। পরিবারে একাধিক বাচ্চা কাচ্চা, আবার পাড়ার সকল বাচ্চারা যেন একই পরিবারের সদস্য। এমনই ছিল সামাজিক বন্ধন। দৃশ্যত: মনে হত মা বাবাদের বোধ হয় মায়া মমতা কম ছিল। আসলে তা ঠিক নয়। বাহিরে রাশভারী একটা আবহাওয়া থাকলেও অন্তরে ফল্গুধারা ঠিকই ছিলো। তখনকার শিশুদের পাঠশালায় যাওয়ার সময় হলে এখনকার কে.জি অভিভাবকদের মতো এত হইচই টেনশন আদৌ ছিল না। পরিবারের বড় কেউ একজন কাঁধে চড়িয়ে স্কুলে বাচ্চাকে ভর্তি করে দিয়ে আসতেন। শুরু হতো আঁকিবুকি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ ইত্যাদি। পাঠশালার নিয়ম অনুসারেই শিশুরা লিখাপড়া শিখে বড় হতে থাকতো। বাসায়ও শিশুদের জন্য বিশেষ কোন ব্যবস্থা ছিল না। এক দুই প্রস্থ সাধারণ পোষাক। সবার জন্য একই রকম ডাল-ভাত-মাছ। মাঝে মাঝে মাংস খাওয়া দাওয়া। দু’এক আনা পয়সা হাতে পড়লে স্বর্গীয় স্বাদের লেবেনচুস্ (এখনকার লজেন্স, চকোলেট), হাওয়া মিঠাই, ঘি চমচম ছোটরা বাইরে কিনে পরমানন্দে খেতো। তবে হৈ-হুল্লোর দাপাদাপিতে আনন্দের কমতি ছিলো না। ঘরের ভিতর বালিশ যুদ্ধ, লুকোলুকি অন্যতম। এভাবেই একদিন বড় হয়ে হাইস্কুলে ভরতি। প্রতি বাসায় ছিল পুকুর। প্রাকৃতিক নিয়মে সবারই সাঁতার শেখা হয়ে যেতো। স্কুলের পড়াশোনায় শিক্ষকরা ছিলেন অত্যন্ত যতœশীল। সক্ষম অভিভাবকরা প্রাইভেট টিউটরের ব্যবস্থা করে দিতেন। স্কুল জীবনে ছোটদের একটি স্বপ্ন ছিলো একটি বাইসাইকেলের অধিকারী হওয়া। মোটর সাইকেল সেই সময়ে শহরে একটিও ছিল না। বাইসাইকেল গুটিকয়েক। তিন ধরণের বাইসাইকেল ছিল বাজারে। সবচেয়ে দামী কোম্পানীর সাইকেলের নাম র‌্যালে, মূল্য তখনকার সময়ে দুইশত টাকার মতো। মাঝারি ফিলিপস, দাম দেড়শত টাকা। সবচেয়ে কম দামের হারকিউলিস, মূল্য পঁচাত্তর টাকা। ছোটদের জন্য ছোট মাপের কোন সাইকেল ছিল না। সবই স্ট্যান্ডার্ড বা বড়দের মাপের। ছোটরা বিকল্প উপায়ে সাইকেল চালাতো। সিটে উঠলে প্যাডেল নাগালে আসতো না। তাই সিটে না উঠে রডের নিচের দিকে শরীর গলিয়ে অদ্ভুত পদ্ধতিতে প্যাডেল ঘুরালে সাইকেল চলতো। তখন মহা আনন্দ। ক্লাস ফাইভ থেকেই শুরু হয়ে যেতো ডিডেকটিভ বই পড়া। টেবিলে পাঠ্যবই আর বালিশের নিচে গল্পের বই। খেলার মধ্যে ছিলো ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু, সাঁতার ইত্যাদি অনেক কিছু। ক্রিকেট পরে আসে। ছোট মেয়েরা দল বেঁধে ‘বন্দী’ খেলা খেলতো। ছোট মেয়েদের আরো খেলা ছিল ফুলগুটি, পুতুল বিয়ে, রান্নাবাটি ইত্যাদি। সাঁতার ও জলে দাপাদাপি ছিলো প্রচন্ড আনন্দের। এভাবে একদিন ম্যাট্রিক/এসএসসি পরীক্ষা এসে যেতো। অভিভাবকদের, এখনকার মতো দু:শ্চিন্তা ছিলো না। বরং ছাত্রছাত্রীদের কিছুটা ভয় ছিলো। স্কুল গেইটে অভিভাবকদের কোন ভিড় হতো না। দু’বেলা পরীক্ষা। দুপুরে বাসায় এসে ভাত খেয়ে যেতো সবাই। এখনতো পরীক্ষার সময় গলা দিয়ে ভাত নামবে না। ছোটদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে দলগত বন্ধুত্বের প্রাধান্য বেশী ছিল। ফাস্ট ফুডের কোন নাম গন্ধ ছিল না। সলিড খাবার বলতে সবই ঘরোয়া খাবার। পায়ে দেয়ার জন্য জুতা, স্যান্ডেল ইত্যাদি ছিল স্বপ্ন। অনেক দিন পর্যন্ত বাইরে খালি পায়ে চলাফেরা করতে হতো। বাসায় খড়ম পায়ে দেয়ার প্রচলন ছিল। খড়ম ছিল দুই ধরণের। কাঠের তৈরী। বগলাওলা খড়ম আর স্যান্ডেল খড়ম। বড়রা ব্যবহার করতেন বগলা দেয়া খড়ম আর ছোটরা স্যান্ডেল খড়ম। এভাবেই শৈশব অতিক্রম করে শিশু পরিণত হতো সাবালকে। সেই সহজ সরল শিশুকাল বা শৈশবকাল আর আসবেনা।   
লেখক- সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক

 

  • [১]