স্টাফ রিপোর্টার
বিশ্বজুড়ে আজ শুক্রবার পালিত হচ্ছে আগ্রাসনের শিকার নির্দোষ শিশুদের স্মরণে একটি বিশেষ আন্তর্জাতিক দিবস। বিশ্বে সংঘটিত বিভিন্ন ধরনের আগ্রাসন ও পীড়নের শিকার শিশুদের স্মরণ করতে জাতিসংঘ সাধারণ পরিষদ এ বিশেষ আন্তর্জাতিক দিবস পালনের ঘোষণা দেয়। আগ্রাসনের শিকার আন্তর্জাতিক শিশু দিবসের সূচনা হয় ১৯৮২ সালে। সে বছর লিবিয়ার যুদ্ধে বৈরুতে ইসরায়েলের হানাদার বাহিনীর বিমান আক্রমণে লিবিয়া ও প্যালেস্টাইনের ৬০ জন নির্দোষ শিশু নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করতে রাষ্ট্রসংঘের সাধারণ সভা এ দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল। এ দিনে সারা পৃথিবীতে যত শিশু-কিশোর যুদ্ধ এবং সন্ত্রাসবাদী আগ্রাসনের শিকার হয়েছে তাদের সবাইকেই স্মরণ করা হয়।
সব প্রতিকূল অবস্থা থেকে শিশুদের মুক্ত করাই এই দিবসটির অন্যতম প্রতিপাদ্য বিষয়। প্রতিবছরের মত এবারও আশা করা হচ্ছে, আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে সব দেশের সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এগিয়ে আসবে। শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। এজন্য আন্তর্জাতিক শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশগুলোকে তাদের কথা রক্ষা করতে হবে। শিশুশ্রম, শিশু নির্যাতন, শিশু পাচার এবং যুদ্ধকালীন সময়ে শিশুদের অপব্যবহারের পথ বন্ধ করে দিতে হবে চিরতরে। শিশুশ্রম, শিশু নির্যাতন, শিশু পাচার, শিশুযুদ্ধ বন্ধ করো, কেবল এসব স্লোগান দিয়ে এগিয়ে গেলেই হবে না, এ ব্যাপারে বাস্তব পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের প্রতি আমাদের সকলের যতœশীল হতে হবে। আগ্রাসনের শিকার নিরীহ শিশু বিষয়ক আন্তর্জাতিক দিবসে আশা করি, শিশুদের সকল অধিকার বাস্তবায়নের জন্য বিশ্বের সকল দেশের সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এগিয়ে আসবে। সাথে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে চেষ্টা করি।