বিশ্বম্ভরপুর প্রতিনিধি
উপজেলার আঙ্গারুলি হাওর সেচ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এসময় স্থানীয়রা প্রকল্পের শক্তিয়ার খলা গাছগড়া কান্দা থেকে দুর্গাপুরের খাল পর্যন্ত এক কিলোমিটার, বালিজুরি হালিমের বাড়ির সামনের আউটলেট থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পাইপলাইন বর্ধিত করা এবং হাওর থেকে জলবদ্ধতা নিষ্কাশনের জন্য রাজনগর এলাকায় একটি সুইচগেট নির্মাণ ও হাওর থেকে পাকা ধান গোলায় তোলার জন্য হাওরের সড়ক সমূহ পাকাকরণের দাবি জানান।
শনিবার দুপুরে আঙ্গারুলি হাওর সেচ প্রকল্প পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের ডাইরেক্টর মো. মোশারফ হোসেন, ঢাকা বিএডিসির ডবল লিফটিং এর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, ঢাকা নির্মাণ জোন সেচ ভবনের নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালেদুজ্জামান, সুনামগঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী মো. রাফি, উপসহকারী প্রকৌশলী মো. হাসান মাহমুদ।
এ সময় আঙ্গারুলি হাওয়ার সেচ প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ মছদ্দর আলী, সভাপতি শাহ মুহা. হারুন অর রশিদ, সহ সম্পাদক সালেহ আহমদ, সদস্য আবদুল হাই, আখতারুজ্জামান, কাজী শামসুল ইসলাম, মো. শফিক মিয়া, শাহনুর সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন বছর পূর্বে আঙ্গারুলি হাওর পাড় এলাকার প্রায় ১২-১৩টি গ্রামের কৃষকদের বোরো ধান চাষাবাদের আওতায় আনতে ৪ কিলোমিটার দৈর্ঘ্য সেচ প্রকল্প নির্মাণ করা হয়। বিএডিসির মাধ্যমে প্রায় আট কোটি টাকা ব্যয় সাপেক্ষে তাহিরপুর উপজেলার বালিজুরি এলাকায় রক্তি নদী থেকে ভাসমান পল্টনের মাধ্যমে মাটির নিচ দিয়ে ডবল পাইপ লাইন নির্মিত হয়।