- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজীবন নির্যাতিত মানুষের পক্ষে কলম ধরেছেন তিনি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সাফি’র প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মহিমের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- লেখক ও সাংবাদিক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী’র সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী হাসান, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার খলিল রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গনের এক আলোকিত নাম প্রয়াত কামরুজ্জামান চৌধুরী। তিনি লেখনির মাধ্যমে সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন। নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি থাকাকালে তিনি সাংবাদিকদের দাবি আদায়ে সোচ্চার ছিলেন। সাংবাদিকদের নির্যাতিত হলে সবার আগে ছুটে এসেছেন।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শামস শামীম, নওশাদ মসরু, এমরানুল হক চৌধুরী, মাসুক মিয়া, জাকির হোসেন, এআর জুয়েল, রেজাউল করিম, আহমেদ মুজতবা রাজি, দিলাল আহমদ, মোসাহিদ রাহাত, মেহেদী হাসান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, কামরুজ্জামান চৌধুরী সাফি ১৯৪৯ সালের ২৫ জুন সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি প্রথমে ইউনাইটেড ব্যাংক পরবর্তীতে জনতা ব্যাংকে চাকুরী করেন। এক পর্যায়ে চাকুরী ছেড়ে শুরু করেন সাংবাদিকতা। সুনামগঞ্জের সাংবাদিকতার পথিকৃত মামা সাংবাদিক আব্দুল হাইয়ের হাত ধরে সাংবাদিকতার হাতেখড়ি ছিল তাঁর। তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকার সুনামগঞ্জ মহকূমা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পদার্পণ করেন। পরে দৈনিক আজাদী পত্রিকার মহকূমা প্রতিনিধি, দৈনিক দেশ, দৈনিক যুগভেরী ও দৈনিক খবর পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পদে দায়িত্ব পালন করেন।

  • [১]