লন্ডন প্রতিনিধি
ব্রিটিশ বাঙালিদের ইইউ‘র পক্ষে ভোট দেবার আহবান জানালেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার বিকেলে ইষ্টলন্ডনের ওয়াটার লিলি ব্যানকুইটিং হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি ব্রিটিশ বাঙালিদের এ আহবান জানান।
সৈয়দ আশরাফ বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বৃটেন আমাদের সমর্থন করেছে। এই বৃটেনে আমি আপনাদের সাথে বর্ণবাদ বিরোধী আন্দোলন করেছি। বৃটেনবাসীর ইইউ ত্যাগ করা উচিত হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন ইইউ‘র পক্ষে কাজ করার জন্যে। ইতিমধ্যেই আমরা কয়েকটি মিটিং করেছি। তাই ২৩জুনের গণভোটে যেন ব্রিটিশ বাংলাদেশীরা ইইউ‘র পক্ষে ভোট দেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ উপাধ্যক্ষ আব্দুস সহিদ এমপি। সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
হুইপ আব্দুস সহিদ বলেন, প্রধানমন্ত্রী আমাদের পাঠিছেন হাঁ’র পক্ষে ভোট চাইতে, ব্রিটিশ বাঙালিরা যেন ভুল না করেন। ব্রিটিশদের ইইউ ত্যাগ করা ভুল হবে।
বিশেষ অতিথির বক্তব্য সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারী ও লন্ডনন্থ বাংলাদেশ সেন্টারের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, এই লন্ডনে সৈয়দ আফরাশের নেতৃত্বে আমরা বর্ণবাদ বিরোধী আন্দোলন করে পূর্বলন্ডন থেকে বর্ণবাদিদের বিতারিত করেছি। বৃটেন ইইউ ত্যাগ করলে আবারও বর্ণবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। বর্ণবাদের উত্থান ঘটলে ক্ষতিগ্রস্থ হবে ব্রিটিশ বাঙালিরা।
এসম শফিকুর রহমান চৌধুরী বলেন, এই লন্ডনে অবস্থান করে জিয়া পুত্র তারেক রহমান জামাতিদের সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এই ইষ্টলন্ডন থেকে জামাতিরা দাওয়াতুল ইসলাম, ইসলামিক ফোরাম অব ইউরোপ, ভয়েস ফর জাষ্টিজ, সেইভ বাংলাদেশ, বাংলাদেশ ষ্টুডেন্ট ইউনিয়ন ও বাংলাদেশী মুসলিম ইন ইউকের ব্যানারে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি জামাতিদের এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহবান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
উল্লেখ্য যে, আগামী আজ ২৩ জুন বৃহস্পতিবার বৃটেন ইউরোপীয়ান ইউনিয়নে থাকবে কি না এনিয়ে অনুষ্ঠিত হবে গণভোট, এটিকে বলা হচ্ছে বেক্সিট। এই গণভোট নিয়ে ব্রিটিশ রাজনীতিকরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী ডেভিড কেমেরুন ও বিরোধী দলীয় প্রধান সহ অধিকাংশ এমপি ইইউ’র পক্ষে থাকতে প্রচারণা চালিয়ে গেলেও সাবেক লন্ডন মেয়র বরিস জনসনসহ অধিকাংশ এমপি ইউরোপ থেকে বেরিয়ে আসার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও হাউজ অব কমন্সের তিন বাঙালি এমপি ইইউ‘র পক্ষে কাজ করছেন। বৃটেনের ব্রিটিশ বাঙালিরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। অন্য দিকে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ইউকিপ বৃটেন ত্যাগ করা পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইউপিক প্রধান সাবেক মিনিস্টার নাইজেল ফরাজ বলছেন, ব্রিটিশদের ইইউ ত্যাগ না করলে ভবিষ্যতে আমাদের কঠিণ সমস্যায় পড়তে হবে। এখন পর্যন্ত জনমত জরিপে ইইউ ত্যাগ করার পক্ষে অধিকাংশ ব্রিটিশ নাগরিক।