জগন্নাথপুর অফিস
জেলা পরিষদের নির্বাচনের রেশ কাটতে না কাটতে জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন কে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন বণিক সমিতির সহ-সভাপতি সাবেক ফুটবলার জাহির উদ্দিন (ফুটবল), বর্তমান বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ( আনারস) ও বেলাল আহমদ দিলু (তালা)। এছাড়া যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ২ জন। তারা হলেন, জুনেদ আহমদ ভূইয়া (মাছ) ও লিটন মিয়া (বাই সাইকেল)।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচনকে ঘিরে এখন উৎসবে ভাসছে পৌরশহর। শেষ মুহূতে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ।
ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাহির উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। তবে শেষ মুহূর্তে জাহির উদ্দিন ও দেলোয়ার হোসেনের মধ্যে ভোট যুদ্ধ হতে পারে
বলে অনেকেই জানিয়েছেন। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে জুনেদ আহমদের মাছ প্রতীক ও লিটন মিয়ার বাই সাইকেল প্রতীকে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন কমিশনার ডা. আবদুল আহাদ জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১০৮৬ জন।