স্টাফ রিপোর্টার
আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। ‘বয়স যদি আঠার হয় ভোটার হতে দেরী নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ৩য় বারের মতো পালিত হবে জাতীয় ভোটার দিবস। ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে সারাদেশে দিবসটি পালিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে জাতীয় ভোটার দিবস পালনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
ইসি সূত্র জানায়, মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয় এবং দেশ প্রেমিক শহীদদের আত্মদানের বিনিময়ে জাতীয় জীবনে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। শহীদদের রক্তে রাঙ্গানো মাসটি মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় হওয়ায় ২ মার্চ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে।
গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে সাধারণ জনসাধারণ ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে।
দিবসটি মূলত গণসচেতনতা ও প্রচারণামূলক হওয়ায় সাধারণ জনগণসহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস।
২০১৯ সালের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় দিবসটি পালনের অনুমোদন দেয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে।