স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের দেয়া করোনাকালীন বিশেষ সহায়তার চেক আজ ২৯ জন গণমাধ্যম কর্মীর হাতে তুলে দেবেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। বিকাল ৩ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’এর সভাপতি মোল্লা জালাল, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে ও সাধারণ সম্পাদক একেএম মহিম অনুরোধ জানিয়েছেন।
এদিকে, বিকাল সাড়ে ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান, ৬ টায় সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন, সন্ধ্যা ৭ টায় মুজিববর্ষ উপলক্ষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ গ্যালারীর উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ^জনের রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরায় মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের সামাধী সৌধের উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি।
৫ সেপ্টেম্বর শনিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, বেলা ১১ টায় জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২ টায় মইয়ার হাওরের চিলাউড়া পয়েন্টে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।