- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ থেকে শুরু শোকের মাস আগস্ট

সু.খবর ডেস্ক
‘দিকে দিকে পাপমুক্তির আনন্দে/ মানুষ বেরিয়ে পড়বে/রাজপথ লিখবে আবার/অভিশাপ মুক্তির কলঙ্ক মোচনের ইতিহাস।’ (খুনিদের প্রতি ঘৃণা- রবীন্দ্র গোপ)। জনক হত্যার সেই পাপমুক্তি ঘটলেও খুনিদের প্রতি বাঙালি জাতি ও বিশ্বমানবতা ধিক্কার জানাবে কালের পর কাল। যতদিন পৃথিবী থাকবে ততদিন ঘৃণার নহরও বয়ে চলবে নিরবধি। আজ থেকে শুরু হলো শোকের মাস আগস্ট। আজ থেকে আগস্ট মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবার জাতির জনক হত্যার ৪০ বছর পূর্তিতে দেশজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। আওয়ামী লীগসহ সহযোগী-ভ্রাতৃপ্রতিম, সমমনা সংগঠনসহ গোটা জাতি পালন করবে ৪০ দিনের কর্মসূচি। এসব কর্মসূচিতে বঙ্গবন্ধুকে হৃদয়ের গহিনে চিরস্মরণীয় করে রাখার তাগিদও থাকবে। ১৯৭৫ সালের মধ্য আগস্টে ঘটে বাঙালির ইতিহাসের সেই বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্ট নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বাঙালির স্বাধীনতার মহান স্থপতির বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শ্যামল বাংলার মাটি। জাতির জনকের সঙ্গে সেদিন মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও চেতনাও একাত্তরের পরাজিত শত্রুদের কূট ষড়যন্ত্র আর হামলার শিকার হয়েছিল।
তবে দীর্ঘ বিচার   
 প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার বিচারের চূড়ান্ত রায় ও পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। পুরো জাতি এখনও রুদ্ধশ্বাস প্রতীক্ষার প্রহর গুনছে বঙ্গবন্ধুর খুনি বাকি ছয় পলাতকের ফাঁসি কার্যকরের সেই মাহেন্দ্রক্ষণের।
এই আগস্টেই ঘটেছিল জাতির ইতিহাসের আরও একটি বিয়োগান্ত ঘটনা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঝরে গিয়েছিল অসংখ্য তাজা প্রাণ।
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে জাতি বিন¤্র চিত্তে শ্রদ্ধা জানিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছে আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারকে। রবিবার মধ্যরাত তথা রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন, আলোর মিছিল, শপথ গ্রহণ ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন দল ও সংগঠন শোকের মাসের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে।

  • [১]