স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পাচ্ছেন ৪০৬ টি গৃহহীন পরিবার। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন ।
তিনি জানান, ২১ জুলাই (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন—গৃহহীন পরিবারকে গৃহ ও জমি প্রদান করবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সারাদেশের সাথে যুক্ত থেকে তিনি এসব ঘর ও জমি প্রদান করবেন। এসময় সুনামগঞ্জ জেলায় দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে নির্মিত ৪০৬ টি ঘর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে প্রদান করবেন।
সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, আগামীকাল সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৫ টি, দোয়ারাবাজারে ৯০ টি, বিশ্বম্ভরপুরে ৬০ টি, ছাতকে ৫৮ টি, জগন্নাথপুরে ৩০ টি, জামালগঞ্জে ২৫ টি, শান্তিগঞ্জে ৩৫ টি, তাহিরপুরে ৪০ টি, দিরাইয়ে ৩৩ টি ঘর প্রদান করা হবে।
জেলায় ইতিমধ্যে বরাদ্দকৃত ৬ হাজার ২১২ টি ঘরের মধ্যে ৫ হাজার ৪১৫ টি ঘর উপকার ভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক, সচেতন নাগরিক কমিটির আহবায়ক আইনুল ইসলাম বাবলু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।